ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ১৮:৪৯ পিএম
১৬৪ রানের জবাবে ৩২ অলআউট!
বাংলাদেশ নারী দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি- টোয়েন্টিতে এই রান করেছে। হেরেছে ১৩২ রানের বিশাল ব্যবধানে। ২০ ওভারের ম্যাচে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৪.৫ ওভারে। দলের একজন ব্যাটারও ডাবল ফিগারে যেতে পারেননি।
পুরোপুরি একতরফা ভঙ্গিতে জিতে তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এগিয়ে গেল ১-০ তে। টসে জিতে নিউজিল্যান্ড ব্যাটিং বেছে নেয়। ২০ ওভারে তারা ৩ উইকেটে তুলে ১৬৪ রান। অধিনায়ক সোপি ডিভাইন ৩৪ বলে ৪৫ রান করেন। আরেক ওপেনার সুজি বেটসের রান ৩৩ বলে ৪১। শেষের দিকে ম্যাডি গ্রিন ২৩ বলে অপরাজিত ৩৬ এবং লেহ তাহুহু ৯ বলে হার না মানা ১৩ রান করেন।
জবাব দিতে নেমে বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায়। পরের কাহিনী শুধু আসা-যাওয়ার। একজনও সিঙ্গেল ডিজিট টপকাতে পারেননি। চরম ব্যাটিং ব্যর্থতায় শেষ হয় বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের মিডিয়াম ফাস্ট বোলার লেহ তাহুহু মাত্র ৬ রান খরচায় তুলে নেন ৪ উইকেট।
সিরিজের পরের ম্যাচ ডানেডিনে আগামী ৪ ডিসেম্বর। তৃতীয় ম্যাচ ৭ ডিসেম্বর কুইন্সল্যান্ডে। টি- টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।