প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৯ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮ পিএম
প্রবল বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে পুষ্পের হাসি বিলাতে পারেন বলেই তিনি ভারতের মতো একটি দেশের ক্রিকেট দলের অধিনায়ক। ব্যাটে রান নেই, নিন্দকদের কটাক্ষ; বাদ পর্যন্ত পড়েছিলেন, সেই হিটম্যান তথা রোহিত শর্মা কি না হাসালেন দেশকে, হাসলেন নিজেও। অধিনায়কের ১১৯ রানের সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫ রানের লক্ষ্য ৩৩ বল ও ৪ উইকেট হাতে রেখে অর্জন করল ভারত। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজটা জিতে নিয়েছেন স্বাগতিকরা।
দীর্ঘদিন রান পাচ্ছিলেন না রোহিত। একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন। শেষবার তিনি শতরান করেছিলেন গত বছর। ৩৩৯ দিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালা টেস্টে শতরান করেছিলেন। এক দিনের ক্রিকেটে শেষ শতরানটি এসেছিল ২০২৩ সালে। ৩৩৯ দিন পর ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরির পর তাই একটু বেশিই খুশি রোহিত। ম্যাচ শেষে বলেছেন, ‘এমন একটা দিন চেয়েছিলাম। সেটা হয়েছে। তার চেয়েও বড় দলের জয়ে অবদান রাখতে পেরেছি।’ ‘রোহিত এমনই খেলে’, শতরান করা অধিনায়কের প্রশংসায় মেতেছেন সহ-অধিনায়ক শুভমান গিলও।
কটকে রবিবার রাতের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে ভারত। কুলদীপ যাদবের পরিবর্তে একাদশে ঢোকেন বরুণ চক্রবর্তী। ওয়ানডেতে ভারতের দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ৩৩ বছর বয়সি বরুণের। বিরাট কোহলি ঢোকেন যশস্বী জয়সোয়ালের জায়গায়। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে হতাশ করেছেন কোহলি। ৮ বলে ৫ রান করে আদিল রশিদের আবার এজ হয়ে ফিল সল্টের গ্লাভসে ধরা পড়েন মাত্র ৫ রান করে। তার আগে গিলকে নিয়ে রোহিতের ১৩৬ রানের জুটি দারুণ শুরু এনে দেয় ভারতকে। গিল ৫২ বলে ৯ চার ও ১ ছয়ে জেমি ওভারটনের প্রথম ওভারে বোল্ড হন।
এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন রোহিত। ৭৬ বলে ৯ চার ও ৭ ছয়ে ৩২তম সেঞ্চুরি করেন তিনি। এ ইনিংস খেলার পথে রোহিত ভারতীয় ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকারকে (১৫৩৩৫) পেছনে ফেলেছেন। ১৫৩৫০ রান নিয়ে তিনি কেবল বীরেন্দর শেবাগের (১৬১১৯) পেছনে। এ ছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় ২-এ উঠেছেন রোহিত। ৩৩২ ছক্কা মেরে পেছনে ফেলেছেন ক্রিস গেইলকে (৩৩১)। তার ওপরে কেবল শহীদ আফ্রিদি (৩৫১)।
এর আগে ব্যাটিংয়ে নেমে সল্টের (২৬) সঙ্গে বেন ডাকেটের ৮১ রানের উদ্বোধনী জুটি বড় সংগ্রহের আভাস দেয়। ডাকেট দলীয় স্কোর ১০০ পার করে আউট হন। ৬৫ রান করেন তিনি। জো রুটও হাফ সেঞ্চুরি করেন। এউইন মর্গানকে ছাপিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৬তম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন তিনি। ৬৯ রানে থামেন সাবেক অধিনায়ক। এরপর হ্যারি ব্রুক (৩১), জস বাটলার (৩৪) ও লিয়াম লিভিংস্টোনের (৪১) ব্যাটে ৩০০ ছাড়ায় ইংল্যান্ড। ইনিংসের ১ বল বাকি থাকতে ৩০৪ রানে অলআউট তারা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৪৯.৫ ওভারে ৩০৪ (রুট ৬৯, ডাকেট ৬৫, লিভিংস্টোন ৪১, ; জাদেজা ৩/৩৫)
ভারত : ৪৪.৩ ওভারে ৩০৮/৬ (রোহিত ১১৯, গিল ৬০, আইয়ার ৪৪*; ওভারটন ২/২৭)
ফল : ভারত ৪ উইকেটে জয়ী
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ভারত ২-০-তে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ : রোহিত শর্মা