চ্যাম্পিয়নস ট্রফি
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮ পিএম
যত কাছে আসছে চ্যাম্পিয়নস ট্রফি, ততই বাড়ছে ইনজুরির মিছিল। মিচেল মার্শ, প্যাট কামিন্সের পর সাইম আইয়ুব ও লকি ফার্গুসন। লম্বা সেই তালিকায় নাম উঠেছে এনরিখ নর্তজেরও। প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এ গতিতারকা। পিঠের চোট কাটিয়ে ফিরেছেন বড় স্বপ্ন নিয়ে। কিন্তু সেই স্বপ্নে বড় বাগড়া দিয়েছে চোট।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট জানিয়েছে, পাকিস্তান ও দুবাইয়ে বসা চ্যাম্পিয়নস ট্রফিতে তারা গতির পেসারকে পাবে না। ইনজুরির কারণে শেষ মুহূর্তে দুর্ভাগাদের তালিকায় যুক্ত হয়েছেন নর্তজে। তার বদলি হিসেবে কোরবিন বসকে দলে রেখেছে প্রোটিয়া ক্রিকেট।
৩০ বছর বয়সি কোরবিন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে খেলেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করছিলেন। ফলস্বরূপ এবার চ্যাম্পিয়নস ট্রফির মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। এ ছাড়া প্রোটিয়াদের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকছেন কোয়েনা মপাখা।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফির আগে অংশগ্রহণকারী দলগুলোর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট। ইনজুরির কবলে পড়ে ছিটকে পড়েছেন পাকিস্তানের ব্যাটার সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও থাকছেন না চ্যাম্পিয়নস ট্রফিতে। একই অবস্থা দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজে আর গতকাল খবর এসেছে নর্তজেও নেই। প্রোটিয়াদের আরেক তারকা ডেভিড মিলারও এখন পর্যন্ত অনিশ্চিত।
ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে বেশ কথা হচ্ছে। শোনা যাচ্ছে, পিঠের চোটের কারণে শুরুর দিকের কয়েকটি ম্যাচে ভারত তাদের প্রধান অস্ত্র বুমরাহকে পাবে না। নিউজিল্যান্ডের লকি ফার্গুসনের দর্শক হয়ে থাকাও নিশ্চিত। সামনে হয়তো বাড়তে পারে ইনজুরির তালিকা।