× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লঞ্চ নয়, বিমানে চড়ে বরিশাল গেলেন তামিমরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৫ পিএম

লঞ্চ নয়, বিমানে চড়ে বরিশাল গেলেন তামিমরা

বিপিএলে গত আসরে শিরোপা জয়ের পর থেকেই বরিশালবাসীদের দাবি ছিল লঞ্চে করে ট্রফি বরিশাল নিয়ে আসার। ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান অবশ্য গত আসরে যেতে না পারলেও এই আসরে দুই ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু বাস্তবে দেখা গেলো দলটা ট্রফি নিয়ে লঞ্চে নয়, চার্টার্ড বিমানে করে বরিশালে পৌঁছেছে। সময় স্বল্পতার কারণেই মূলত লঞ্চযাত্রা বাদ দিতে হয়েছে বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত শুক্রবার বিপিএলের ১১তম আসরের ফাইনালে চিটাগং কিসংকে হারিয়ে শিরোপা জিতেছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। রবিবার দুপুর দুইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড বিমানে বরিশালে পৌঁছান দলের ক্রিকেটার, কোচিং স্টাফসহ মালিকপক্ষের সবাই। বরিশাল বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই হাজারো সমর্থক উল্লাসে মেতে ওঠেন। বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের টিম বাসে করে ক্রিকেটাররা শহরের বিভিন্ন স্থানে যান।

এরপর তামিম ইকবাল-তাওহীদ হৃদয়রা প্রথমে মধ্যাহ্নভোজ সেরে নেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা তিনটার দিকে বরিশালের বেলস পার্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় বেলস পার্কে হাজার হাজার মানুষ বিপিএলের শিরোপাজয়ীদের এক নজর দেখতে ভিড় করেন। জানা গেছে, চ্যাম্পিয়ন ট্রফিসহ বরিশালের বেলস পার্কে হবে শিরোপা উদযাপন! থাকছে কনসার্টের আয়োজনও। প্রোগ্রাম শেষ করে আবারও বিশেষ চার্টার্ড বিমানে করে ফের ঢাকায় ফিরবেন সবাই।  

এর আগে শিরোপা জয়ের দিনে তামিম জানিয়ে দিয়েছিলেন ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল। সেদিন তিনি বলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (ফেব্রুয়ারি) আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পাবেন।’

এদিকে, বিপিএল শেষ হওয়ার পর দিনই শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যারা বরিশালেও ছিলেন। ফলে স্বল্প সময়ের জন্যই লঞ্চে করে বরিশাল যাওয়ার সিদ্ধান্ত বাতিল করতে হয়েছে। কেননা তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, নাজমুল হোসনে শান্তরা আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। আগের দিন তারা অনুশীলন করেননি, রবিবারও বরিশালে যাওয়ার কারণে অনুশীলনে ছিলেন না। সোমবার থেকে পুরোদমে অনুশীলনে ফিরবেন শান্ত-মুশফিকরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা