প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৮ এএম
এবারের বিপিএল ছিল ঘটনার ঘটঘটা। ভালো-মন্দের মিশেলে শেষ হওয়া বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টে দেশি ও বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিত পারফরম্যান্স দেখিয়েছেন। সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের মধ্য থেকে বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ।
বিপিএলে সর্বোচ্চ ৫১১ রান করেছেন নাঈম শেখ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন তানজিদ তামিম। তাদের মধ্যে নাঈম শেখকে রাখা হয়েছে ওপেনার বিবেচনায়। ফাইনালে ফিফটি করে দলকে শিরোপা জেতানো তামিম ইকবাল তার সঙ্গী। তামিম বিপিএলের চতুর্থ সর্বোচ্চ ৪১৩ রান করেছেন। তিনের বিবেচনায় রাখা হয়েছে ৩৮৬ রান করা জাকির হাসানকে।
গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন। চিটাগংকে ফাইনালে তুলতে তার ছিল বড় ভূমিকা। চারের বিবেচনায় ক্লার্ক আছেন বিপিএলের সেরা একাদশে। স্লগার হিসেবে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। বিপিএলের সেরা একাদশে জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি অলরাউন্ডারÑ খুশদিল শাহ ও ফাহিম আশরাফ।
এর মধ্যে স্পিন অলরাউন্ডার খুশদিলকে ৫ নম্বরে ব্যাটিংয়ের বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি ২৯৮ রান করেছেন ও ১৭ উইকেট নিয়েছেন। পেস অলরাউন্ডার ফাহিম আশরাফকে সাতের বিবেচনায় রাখা হয়েছে। ফাহিম ২০ উইকেট নিয়েছেন। স্লগে কার্যকর ইনিংসও দেখিয়েছেন। তাদের দুজনকে জায়গা দিতে আসরের সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জায়গা পাননি। মিরাজ ৩৫৫ রান করেছেন ও ১৩ উইকেট নিয়েছেন। তবে টপঅর্ডারে ব্যাট করায় মিরাজকে একাদশে রাখা হয়নি। স্পিন অলরাউন্ডার খুশদিলের সঙ্গে সেরা একাদশে রাখা হয়েছে চট্টগ্রামের রহস্য স্পিনার আলিস আল ইসলামকে। তিনি টুর্নামেন্টে ১৫ উইকেট নিয়েছেন।
এবারের বিপিএলের আবিষ্কার পাকিস্তানি বাঁহাতি পেসার আকিফ জাভেদ আছেন ক্রিকইনফোর সেরা একাদশে। তিনি ২০ উইকেট নিয়েছেন। সর্বাধিক ২৫ উইকেট নেওয়া তাসকিন আহমেদ আছেন বিপিএলের একাদশে। তাদের পেস আক্রমণের সঙ্গী খালেদ আহমেদ। তিনিও নিয়েছেন ২০ উইকেট।
ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদিল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, আকিফ জাভেদ।