প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৩ পিএম
ফরচুন বরিশালের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের ১১তম আসর। তবে টুর্নামেন্টজুড়ে চলা ক্রিকেটারদের পারিশ্রমিককেন্দ্রিক নেতিবাচক ঘটনার রেশ পুরোপুরি শেষ হয়নি। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সময়মতো পারিশ্রমিক না দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বিদেশি ক্রিকেটাররা যথাসময়ে পারিশ্রমিক না পেয়ে ম্যাচও বয়কট করেছিলেন। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও তারা যথাসময়ে পাননি। সবমিলিয়ে বিপিএলের ভাবমূর্তি বিদেশি ক্রিকেটারদের কাছে অনেকটাই ক্ষুণ্ন হয়েছে।
তবে ভবিষ্যতে এমন
পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল
ও দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আগামী আসর থেকে বিপিএলের ড্রাফটে থাকা
সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব নেবে বোর্ড। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর
অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু
করে সবকিছুই বিসিবি দেখভাল করবে। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সব আন্তর্জাতিক খেলোয়াড়ের
চুক্তি এবং ম্যাচ ফির দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং যথাসময়ে স্বচ্ছতার সঙ্গে পরিশোধের
বিষয়টি নিশ্চিত করা হবে।’
পাশাপাশি বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফেরার জন্য সব লজিস্টিক ব্যবস্থাও তদারকি করবে বিসিবি। এ ছাড়া পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করতে এবং অর্থনৈতিক প্রোটোকল নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বোর্ড।
বিবৃতিতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘এ ধরনের উদ্যোগ বিপিএলে স্বচ্ছতা
বজায় রাখতে, স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার
ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী
করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’
উল্লেখ্য, একাদশ
বিপিএল ফাইনালের পরদিন বিসিবির ‘দায়িত্ব গ্রহণ’ সংবলিত ঘোষণাটি এসেছে পারিশ্রমিক বিষয়ে
টালমাটাল কয়েক সপ্তাহের জেরে। এবারের বিপিএলে খেলোয়াড়, কোচিং স্টাফদের পারিশ্রমিক না
দেওয়া নিয়ে বারবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের অনুশীলন বর্জন, টাকা
না পেয়ে বিদেশিদের না খেলা, একাধিকবার চেক বাউন্স, বিদেশিদের হোটেলে আটকে থাকাসহ বিভিন্ন
বিতর্কে জড়িয়েছে দলটি। পারিশ্রমিক না পাওয়া নিয়ে বিতর্ক ছিল চিটাগং কিংস দলেও।