প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম
সংগৃহীত ছবি
ঝুলে আছে সবকিছুই। কোচ-ফুটবলার দ্বন্দ্বে গত বৃহস্পতিবারই সভাপতি তাবিথ আউয়ালের দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছে সাত সদস্যবিশিষ্ট বিশেষ তদন্ত কমিটি। সেই প্রতিবেদনের পর এখনও সিদ্ধান্ত জানাননি তাবিথ। এর মধ্যেই সভাপতির ‘অনুশীলনে ফেরার আহ্বানে’ সাড়া দেননি বিদ্রোহী মেয়েরা। অনড় অবস্থানেই আছেন সাবিনা খাতুনরা। তবে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আশাবাদী। মনে করছেন, দীর্ঘ ক্যারিয়ারের ঝুঁকি নেবে না মেয়েরা। অন্যদিকে আগামী দিনের জন্য নতুনদের দিকে তাকিয়ে মেয়েদের প্রধান কোচ পিটার বাটলার।
আজ শনিবার বাফুফে ভবনে আগত সাংবাদিকদের নারী উইংয়ের প্রধান বলেছেন, ‘এখন পর্যন্ত ওরা (বিদ্রোহী) অনুশীলনে যায়নি, তবে আমার বিশ্বাস ওরা অনুশীলনে যাবে; অবশ্যই অনুশীলনে যাবে। কারণ তাদের দীর্ঘ একটা ক্যারিয়ার তারা এভাবে নষ্ট করতে পারে না।’ এই মেয়েদের সঙ্গে দীর্ঘদিন কাজের সম্পৃক্ততার বিষয়টি স্মরণ করে মাহফুজা আক্তার বলেন, ‘যেহেতু অনূর্ধ্ব-১২ থেকে ওদের নিয়ে এসেছি... হাতে ধরে ওদের এখানে নিয়ে এসেছি, তাই আমার খারাপ লাগাটা একটু বেশি। তো আমি চাইব ওরা ফিরে আসুক। আমি এখনও চেষ্টা করছি ওরা যেন ফিরে আসে। ওরা হয়তো একটা অভিমানে আছে। আশা করি ওরা ফিরে আসবে।’
এই মাসের ২৪ তারিখে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকা ছাড়ার কথা সিনিয়র নারী ফুটবল দলের। ওই সফরের জন্য দল ঘোষণা করার কথা ১৫ ফেব্রুয়ারি। এদিকে সিনিয়র দলের ১৮ জন ফুটবলারই কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছেন। সেক্ষেত্রে দল ঘোষণায় কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে বাফুফে কিংবা সিনিয়র মেয়েদের শেষ পর্যন্ত পাওয়া না গেলে পরিকল্পনা কেমন হতে পারে— এমন প্রশ্নের উত্তরে নারী উইংয়ের প্রধান বলেছেন, ‘‘আমার মনে হয় আমরা এটা নিয়ে কথা না বলি। কোনো প্ল্যান ‘বি’ নাই, প্ল্যান ‘এ’-ই আছে। এখন এটা নিয়ে কথ না বলি।’’ অর্থাৎ মাহফুজা আক্তার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন সিনিয়র মেয়েদের জন্যই।
সিনিয়র মেয়েদের অপেক্ষায় যখন নারী উইংয়ের প্রধান, ঠিক তখনই নতুনদের নিয়ে কাজ করে যাচ্ছেন কোচ বাটলার। জানা গেছে, আজ শনিবার সকালে ব্রাদার্স ইউনিয়নের মাঠে তরুণ ৩১ জন ফুটবলারকে অনুশীলন করিয়েছেন এই ব্রিটিশ কোচ। বিকালে ২৬-২৭ জনের নতুন দল নিয়ে অনুশীলন করেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। সেখানে মেয়েদের দুই ভাগে ভাগ করে ম্যাচ প্র্যাকটিস করিয়েছেন। ক্লোজডোর অনুশীলনে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা ছিল বটে, তবে স্টেডিয়ামের তিন তলায় বসে দূর থেকেই দেখা গেল তাদের অনুশীলন। দিনের আলোতে ম্যাচ প্র্যাকটিসের এই অনুশীলন দেখে ধারণা করা যেতে পারে আরব আমিরাতে এই তরুণদের মধ্য থেকেই দল গঠন করতে চান বাটলার। দুপুরে বাফুফে ভবনে আগত সাংবাদিকদের বলা তার কথাতেও কি সেটি অনুমেয় নয়? ‘যখন সময় হবে তখন দল ঘোষণা করা হবে। এখনও আমরা কাজ করছি। নতুন ভবিষ্যতের জন্য আমরা নতুন দল গঠন করছি।’