প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ পিএম
ইউরোপিয়ান ফুটবলে জায়ান্টদের জয়ের রাতে হামজা চৌধুরীর সাবেক ক্লাব লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন যোগ করা সময়ে ম্যানইউ সমর্থকদের আনন্দে মাতান হ্যারি মাগুয়ের। অন্তিম মুহূর্তে তার কৃতিত্বে ২-১ গোলের জয় পায় ম্যানইউ।
শেষ মুহূর্তে মাগুয়েরের গোল
নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। গোলটি অফসাইড থেকে করা, সামাজিক মাধ্যমে এমনই কথা চাউর
হয়েছে। সত্যিকার অর্থে এটি অফসাইডই ছিল। কারণ মাগুয়ের ছাড়াও ইউনাইটেডের চারজন তখন অফসাইডে
ছিলেন। যদিও মাঠে অফিসিয়ালদের কেউ অফসাইডের বাঁশি বাজাননি।
বিষয়টি নিয়ে ইউনাইটেডের সাবেক
মিডফিল্ডার ও স্কাই স্পোর্টসের ফুটবল-পণ্ডিত রয় কিনের দাবি, লাইন্সম্যানের না দেখার
কোনো কারণই থাকতে পারে না। আইটিভিকে বলেছেন, ‘লাইন্সম্যানকে এটা দেখতেই হবে। ইউনাইটেড
যেন জেল থেকে ছাড়া পেয়েছে!’
গোলটি যে অফসাইডের কারণে কাটা
পড়ত, তা স্বীকার করেছেন ইউনাইটেড কোচ আমোরিমও। তিনি বলেছেন, ‘ভিএআরে এটা গোল নয়। খেলায়
ন্যায্যতার জন্যই ভিএআর থাকা গুরুত্বপূর্ণ। অফসাইড খেলায় হার মেনে নেওয়া কঠিন। তবে
কিছুটা সৌভাগ্য আমাদেরও প্রাপ্য।’
প্রথমার্ধে আমোরিমের দল লেস্টারের
পোস্টে কোনো শট রাখতে পারেনি। এ মৌসুমে যা তৃতীয়বার দেখা গেল। শিষ্যদের খেলায় অসন্তোষের
কথাও অবশ্য বলেছেন আমোরিম।
লেস্টার সিটির কোচ রাখঢাক রেখে
সরাসরি বলেছেন, ‘ফার্গি টাইম নয়, আমরা অফসাইড টাইমে হেরেছি। এটা পরিষ্কার যে, একটি
ভুল ম্যাচের ফল ঠিক করে দিয়েছে। এটার দরকার ছিল না। ভিএআরে কয়েক সেন্টিমিটার, কয়েক
ইঞ্চিতেও অফসাইড হয়। আর এটায় আধমিটার, পরিষ্কার। অতিরিক্ত সময়ে যাওয়াটা আমাদের প্রাপ্য
ছিল। তারপর হয়তো পেনাল্টি। এই পর্যায়ে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।’