প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২১ পিএম
উইকেটপ্রাপ্তির পর নাথান লায়নের উল্লাস। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার গলে টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার তারকা স্পিনার নাথান লায়নের। প্রথম বলে কুমার সাঙ্গাকারার উইকেট তুলে প্রত্যাবর্তন রাঙিয়েছিলেন তিনি। ১৪ বছর পর সেই গলে নিজেকে নতুন করে আলোচনায় আনলেন লায়ন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের ৫৫০তম উইকেট পূর্ণ করেন লায়ন। দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে এই কীর্তি গড়েন তিনি। একই সঙ্গে সাদা পোশাকের ক্যারিয়ারে অজিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার বনে গেছেন তিনি। টেস্ট ইতিহাসেই তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র ছয়জন। ক্রিকেটের কিছু গল্প আসলেই রূপকথার মতো!
হিসাব বলছে, টেস্টে প্রথম বলে উইকেট পেয়েছেন এখন পর্যন্ত ২৫ জন বোলার। যাত্রাটা শুরু হয়েছিল তারই স্বদেশি টম হোরানকে দিয়ে। আর লায়ন ছিলেন তালিকার ১৮তম ক্রিকেটার। তবে এই ২৫ জনের মধ্যে মাত্র ৯ জন ক্যারিয়ারে ১০টির বেশি টেস্ট খেলতে পেরেছেন। এই তালিকায় ১০০ টেস্ট খেলা একমাত্র ক্রিকেটার লায়ন!