প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৯ পিএম
মোহাম্মদ নাঈম, তামিম ইকবাল, শামিম হোসেন এবং মেহেদী হাসান মিরাজ—সম্ভাব্য তালিকায় এসেছিল চারটি নাম। সবাই টপকে সেরার পুরস্কার উঠেছে মিরাজের হাতে। ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে ম্যাচের সেরা হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম।
বিপিএলের এগারতম আসরের সেরা মিরাজ দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। খুলনা টাইগার্সকে খাদের কিনার থেকে টেনে তুলেছেন। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিং ও বোলিংয়েও দাপট দেখিয়েছেন। খুলনার অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন ৩৫৫ রান। বল হাতে ১৩ উইকেট। যে কারণে তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। এবারই এই পুরস্কার পেলেন মিরাজ।
বিসিবির ঘোষণা অনুযায়ী, টুর্নামেন্ট সেরা হওয়া ডানহাতি এই স্পিন অলরাউন্ডার ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার অর্থ পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ওপেনার তামিম। তার অধীনে দ্বিতীয়বার শিরোপা জিতেছে বরিশাল।
তামিম দলকে শিরোপা জেতানোর পথে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে। তার চেয়ে চিটাগংয়ের খাজা নাফি ও পারভেজ ইমন বেশি রান করেন। নাফি ৪৪ বলে ৬৬ রান করেন। ইমন ৪৯ বলে খেলেন ৭৮ রানের হার না মানা ইনিংস। তবে দুইশ ছুইছুই রেকর্ড সংগ্রহ তিন বল ও তিন উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বরিশাল।