বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৪ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫ পিএম
ছবি: আ. ই. আলীম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কুড়ি কুড়ির আসরে এবারও ফাইনালে উঠেছে দক্ষিণবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার সন্ধ্যা ৬ টায় শিরোপার লড়াইয়ে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চলের দলটি। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
এবারের বিপিএলে ফরচুন বরিশালের ক্রিকেটাররা নিজেদের সেরাটা নিংড়ে দিয়েছেন। গ্রুপ পর্বের ১২ ম্যাচে ৯ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে ওঠে তারা। এরপর প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে উড়িয়ে ব্যাক টু ব্যাক ফাইনাল নিশ্চিত করে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।
অন্যদিকে প্রায় ১২ বছরের বিরতির পর চলতি আসরে বিপিএলে ফিরেই ফাইনালে উঠেছে চিটাগং কিংস। লিগ পর্বে ১২ ম্যাচে রংপুরের সমান ৮ জয়ে নেট রানরেটে এগিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকায় প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। প্রথম কোয়ালিফায়ারে বরিশালের কাছে হারলেও খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলের রোমাঞ্চকর জয়ে ফাইনালের টিকিট কাটে কিংস বাহিনী।
মেগা ফাইনালে অবশ্য সেমিফাইনালের নায়ক আলিস আল ইসলামকে পাচ্ছে না চিটাগং কিংস। চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন তিনি। তার বদলে একাদশে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার নাঈম ইসলাম। আর বরিশাল তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। ফলে জিমি নিশামের খেলার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামছে তারা।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগং কিংস একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হুসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।