কোপা দেল রে
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২১ পিএম
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। শুক্রবার রাতের ম্যাচটিতে হ্যাটট্রিক করেন ফেরান তোরেস। তাতেই ৫–০ গোলের বড় জয়ে সেমিফাইনালে পা রাখল হান্সি ফ্লিকের দল। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ৭–১ গোলে জিতেছিল কাতালানরা। দুই ম্যাচ মিলিয়ে বার্সার থেকে মোট ১২ গোল হজম করল ক্লাবটি।
ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম ত্রিশ মিনিটেই হ্যাটট্রিক করেন তরেস। তৃতীয় মিনিটেই সতীর্থের পাস থেকে দলকে তিনি এগিয়ে দেন। তবে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে উদযাপন করেননি ২৪ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। ১৭তম মিনিটে তরেসের গোলেই ব্যবধান দ্বিগুণ হয়। ২৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ফারমিন লোপেজ।
৩০তম মিনিটে তরেস তার হ্যাটট্রিক পূর্ণ করেন। বক্সের বাইরে রাফিনহার পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে বল পাঠান জালে। এরপরই ভ্যালেন্সিয়ার বেশ কয়েকজন সমর্থককে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে জালের দেখা পান লামিনে ইয়ামাল। এবারও অ্যাসিস্ট করেন রাফিনহা। তার থেকে পাস পেয়ে ইয়ামালের শট প্রতিপক্ষের পা ছুঁয়ে জালে জড়ায়।
৭৬তম মিনিটে ভালেন্সিয়া গোলরক্ষকের দৃঢ়তায় আরও বাড়েনি ব্যবধান। এগিয়ে এসে ওয়ান-অন-ওয়ানে দানি ওলমোর প্রচেষ্টা রুখে দেন তিনি। নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ইয়ামালের শট তিনি ঠেকান পা দিয়ে। নিজেদের পরের ম্যাচে আগামী রবিবার লা লিগায় সেভিয়ার মাঠে খেলবে বার্সেলোনা।