রুবেল রেহান
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩ পিএম
নতুন মৌসুমেও আবাহনীর হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বদলে যায় অনেক কিছু। ক্লাবটি চেয়েছিল কম পারিশ্রমিকে তাকে ধরে রাখতে, রাজি হননি জামাল। এরপর চুক্তিসংক্রান্ত নানা জটিলতায় শুরু থেকে ব্রাদার্স ইউনিয়নে খেলতে পারেননি তিনি। সেই সমস্যার সমাধান হলো মৌসুমের মাঝামাঝি সময়ের দলবদলে এসে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে এসে গোপীবাগের ক্লাবটির সঙ্গে মৌসুমের বাকি সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বৃহস্পতিবার ক্লাবটিতে অনুশীলনও করেছেন তারকা এই ফুটবলার। কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সঙ্গে। দিয়েছেন একান্ত সাক্ষাৎকার।
প্রবা : অবশেষে ব্রাদার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন…
জামাল : এটা এই মৌসুমের জন্য শুধু। ভালো লাগছে, সামনে ম্যাচ আছে, ফোকাস সে দিকেই।
প্রবা : এত অল্প সময়ের চুক্তি…
জামাল : আগে এই মৌসুমটা শেষ করি, তারপর নতুন মৌসুমে দেখা যাবে কী করি।
প্রবা : ব্রাদার্সকে কেমন দেখলেন?
জামাল : টিমটা ভালো হয়েছে, ম্যানেজমেন্টও ভালো, ক্লাব ভালো; আপনি নিজেই দেখছেন ব্রাদার্সের নিজস্ব মাঠ আছে। প্রস্তুতির দারুণ সুযোগ। সব মিলিয়ে সবকিছু ভালো যাচ্ছে।
প্রবা : ফেড কাপে অনেক বছর পর নকআউটে ব্রাদার্স, এই দল কতদূর যাবে মনে করেন?
জামাল : ইনশাল্লাহ ভালো কিছু হবে। আরও দুটা ফরেইন প্লেয়ার আসছে শুনেছি। আমি আশা করি, আমরা ফাইনালে যেতে পারব। এরপর দেখা যাবে কী হয়। তবে আমরা আপাতত সামনের ম্যাচ নিয়েই ভাবছি।

প্রবা : মৌসুম শেষে লিগে ব্রাদার্সকে কোথায় দেখেন, চ্যাম্পিয়নের রেসে আছে কি ব্রাদার্স?
জামাল : না চ্যাম্পিয়নদের পথটা একটু দূরে... কিন্তু আমি যদি অনেস্টলি বলি, আমরা টপ ফোরে (সেরা চার) আসতে পারি, সেটাও অনেক ভালো। কারণ আমরা ব্রাদার্সকে অনেক বছর রেলিগেশনে দেখেছি। তারপর নয় নম্বর, আট নম্বর, দশ নম্বর অবস্থানে দেখেছি। সর্বশেষ ১০-১৫ বছরে ব্রাদার্সকে এমন জায়গায় দেখেছি, আর এখন নতুন এক ব্রাদার্সকে দেখছি, আমি নিজেও খুশি, সমর্থকরাও খুশি।
প্রবা : হামজা চৌধুরী আসবেন, শুনেছেন নিশ্চয়ই?
জামাল : হামজা আসছে, এটা জাতীয় দলের জন্য অবশ্যই ভালো খবর। সে হয়তো আগামী মাসের দিকে দলের সঙ্গে যোগ দেবে। সামনে ম্যাচ (ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই)… আরও অনেক দিন সময় আছে। সবকিছু মিলিয়ে সে এলে দারুণ হবে।