× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিটাগংকে অপেক্ষায় রেখে ফাইনালে বরিশাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১১ পিএম

মালান-তাওহীদের জুটিতে সহজেই ফাইনালে পৌঁছেছে বরিশাল— ছবি: আ. ই. আলীম

মালান-তাওহীদের জুটিতে সহজেই ফাইনালে পৌঁছেছে বরিশাল— ছবি: আ. ই. আলীম

নাগালের মধ্যেই ছিল লক্ষ্য। চিটাগং কিংসের বিপক্ষে বাকি পথ মসৃণ করেছেন তাওহীদ হৃদয় ও ডেভিড মালান। ফরচুন বরিশাল পেয়েছে ৯ উইকেটের দাপুটে জয়। নিশ্চিত করেছে ৭ তারিখের ফাইনাল মঞ্চ। তবে বিপিএল থেকে বিদায় নেয়নি চিটাগং। আগামী পরশু খুলনা টাইগার্সের বিপক্ষে কিংসদের ফাইনালে ওঠার আরেক মিশন।

মিরপুরের শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে চিটাগং। শামিম হোসেন ছাড়া লড়তে পারেননি বাকি কেউ। জবাবে ফরচুনদের ভাগ্য প্রশস্ত করেছেন মালান-তাওহীদ। তাওহীদের ফিফটি আর মালানের তাণ্ডবে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বরিশাল। 

সোমবার চিটাগং কিংস শুরু থেকেই ধুঁকছিল। মাঝে হাল ধরেছিলেন শামিম হোসেন। ১৮ ওভার শেষেও কিংসের স্কোরবোর্ডে ৫ উইকেটে ১৪৩। শেষ দুই ওভারে সে রানকে যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল দলটির। কিন্তু তা হতে দেননি ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। 

ইনিংসের ১৯তম ওভার চিটাগংয়ের সব হিসাব-নিকাশ এলোমেলো করে দেন। ওই ওভারে ৪ উইকেট শিকার করেন আলী। তাতেই ১৪৯ রানে থামে চিটাগং। এদিন ৩৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বসে দলটি। চতুর্থ উইকেটে পারভেজ হোসেন ইমন এবং শামিম হোসেন মিলে ৭৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ১৪ তম ওভারে রিশাদ হোসেনের বলে ইমন ফিরতে ক্যাচ দিয়ে আউট হলে ভাঙে সে জুটি।

ফেরার আগে ৩৬ বলে সমান ৩৬ রান করেন এই ওপেনার। শামিম হোসেন আরও কিছুটা সময় ক্রিজে টিকে থাকেন, কিন্তু পরের ব্যাটারদের মধ্যে কেউ তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৯তম ওভারে মোহাম্মদ আলীর বলে ফেরার শামিমের ব্যাটে আসে ৪৭ বলে ৭৯ রান। ৯ চার এবং ৪ ছক্কায় ইনিংস সাজান তিনি।

চিটাগংয়ের ব্যাটিং অর্ডারের ওপর দিয়ে রোলার চালিয়ে দেওয়া মোহাম্মদ করেন টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। দুই উইকেট ঝুলিতে নেন ক্যারিবিয়ান বোলার কাইল মায়ার্স।

দেড়শ রানের লক্ষ্যে দারুণ শুরু আনে বরিশাল। তবে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ফিরে যান ২৬ বলে ২৯ রান করে৷ ৫৫ রানে প্রথম উইকেট হারানো দলটি বাকিটা পেরোন নির্বিঘ্নে। ৯ উইকেট ও ১৬ বল হাতে রাখার দিনে দাপুটে ফিফটি হাঁকান তাওহীদ। ৫৬ বলে আনেন ৮২ রান। ইনিংস সাজান ৯ চার ও ২ ছক্কায়। অপরপাশে ২২ বলে তাণ্ডব চালান মালান। তাতেই আরেকবার ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা