প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৪ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৬ পিএম
নাসুম আহমেদের স্পেলে ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর— ছবি: আ. ই. আলীম
নাসুম আহমেদ একাই ধসিয়ে দিলেন। মিতব্যয়ী বোলিংয়ে চাপ বাড়ালেন। মিরপুরের উইকেটে স্পিনাররা সাধারণত বেশি সুবিধা পায়। নাসুম যেন সুদে-আসলে তুলে নেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মাঠে ১৪ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন এরই মধ্যে। বিপিএলেও এ মাঠে বেশ উজ্জ্বল। আজ ম্যাচ শেষে অকপটে বললেন, বিদেশি শিকার করতে ভালো লাগে।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোলিংয়ে কাজ এগিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। বাকিটা ব্যাটিংয়ে হেসেখেলে সারেন মোহাম্মদ নাইম ও অ্যালেক্স রস। নতুন তিন বিদেশি নিয়ে নেমেও এলিমেনেটরে মুখ থুবড়ে পড়ে রংপুর। রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও বাকি পথে সমস্যা বাড়েনি খুলনার। নাইম-রসের জুটিতে ৯ উইকেট ও ৫৮ বল হাতে রেখে জিতে যায় খুলনা।
এমন দিনে স্পিনে ঘূর্ণি দেখিয়েছিলেন নাসুম। ৪ ওভারে মাত্র ১টি মেডেন ও ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা পুরস্কারও নিয়েছেন। বিপিএলে সব মিলিয়ে ৩৪ ম্যাচে ৭.০১ ইকোনমিতে শিকার করেছেন ২৮ উইকেট। আজ প্লে-অফের জন্য জেমস ভিন্স-টিম ডেভিডদের উড়িয়ে এনেছিল রংপুর। ইংলিশ ব্যাটার ভিন্সকে ৭ বলে ১ এবং অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিডকে ৯ বলে ৭ রানে ফিরিয়েছেন নাসুম। খুলনার বাহাতি স্পিনার জানিয়েছেন, মিরপুরে বিদেশি শিকারই তাঁর বেশি ভালো লাগে।
সংবাদ সম্মেলনে হাজির হয়েই মজার ছলে নাসুম বলেন, ‘আমাকে তো রিমান্ডে নেওয়া হবে! এই মাঠে বিদেশি ব্যাটারদের উইকেট নিতে আমার ভীষণ ভালো লাগে। আজ মিরাজ আমাকে টানা বোলিং করিয়েছে, কারণ ওদের দলে ডানহাতি ব্যাটার বেশি ছিল। এ কারণেই আমি এতটা বল করেছি।’