প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৫ পিএম
মিথ্যা কিংবা সত্য— রটে যাওয়া বিষয়ে সুরহা মিললেও এর রেশ থেকে যায় দীর্ঘকাল। যে কালিমা লেপন হয়েছে গায়ে তা কি সহজেই মুছে ফেলা যায়? উত্তর নিতান্তই সাদামাটা- না। নাট্যমঞ্চে রূপ নেওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে কম নাটক মঞ্চস্থ হয়নি। বেতন-বোনাস, চেক বাউন্স, সঙ্গে যুক্ত হয় ফিক্সিং। খুব সাবধানে ক্যারিয়ার টেনে নেওয়া এনামুল হক বিজয়ের গায়ে লেগে পড়ে ফিক্সার ট্যাগ। তারদিকে আঙুল তোলা হয়। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদবিজ্ঞপ্তি দিয়ে জানায়, খবরটি সত্যি নয়। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন এনামুল।
গত কয়েক দিন কী পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে জানিয়ে এই ওপেনার বলেন, ‘গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’
বিপিএলে শুরুতে রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। হুট করেই তাকে সরানো হয়। দায়িত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। মূলত এরপরই গুঞ্জনের ডালপালা গজায়। তাকে নিয়ে মনগড়া প্রতিবেদন প্রচার করে গণমাধ্যমগুলো। এ নিয়ে তিক্ত-বিরক্ত এনামুল। দেশের উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন, যারা এ ধরনের খবর ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছেন। ২৪ ঘণ্টার মধ্যেই উকিল নোটিশ পৌঁছে যাবে তাদের কাছে।
এনামুল শঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘আজকে আমার ওপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো খেলোয়াড়ের কাছে। এর আগেও এ রকম দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তার কথা না শুনে, যেকোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কী মজা পান। কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের ওপর দিয়ে কী যায় বা তার মানসিক অবস্থাটা কী থাকে।’
খারাপ সময়ে যারা তার পাশে ছিলেন, ভিডিওর শেষে তাদের প্রতিও আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন এনামুল, ‘যারা আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। যারা আমাকে সম্মান দেখিয়েছে। যারা ইতিবাচকভাবে আমার পাশে ছিল তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।’
বিপিএলে ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন বিজয়। একটি সেঞ্চুরিও আছে নামের পাশে। তবে তিনি যেমন দুঃখ পেয়েছেন, তেমনই তার দল দুঃখ নিয়ে বিপিএল থেকে বিদায় নিয়েছে।