প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৬ এএম
পেপ গার্দিওয়ালা
আঃ পেপ গার্দিওয়ালা, আঃ ম্যানচেস্টার সিটি। নিশ্চিত এই মুহূর্তে গার্দিওয়ালা ও ম্যানসিটির পাঁড় ভক্তদের মনটা একটু বেশিই খারাপ। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে আরও একটি হার দেখল। রবিবার রাতে আর্সেনালের মাঠে রীতিমতো মাথা নিচু করে মাঠ ছেড়েছেন গার্দিওয়ালা ও তার শিষ্যরা। ঘরের মাঠে অতিথিদের কোণঠাসা করে ৫-১ গোলে জয় তুলে নিয়েছে গানার্সরা। এ জয়ে শিরোপার দিকে আরেকটু এগিয়ে গেল মিকেল আরতেতার দল।
এমিরেটসে শুরুতেই পিছিয়ে পড়ে ম্যানসিটি। তবে জোশকো গভারদিওল-মানুয়েল আকানজিদের নিয়ে গড়া রক্ষণভাগ প্রথমার্ধে আর কোনো গোল হতে দেয়নি। বেশ কয়েকটি দুর্ভেদ্য গোল রুখে দেন স্টেফান ওর্তেগা। দ্বিতীয়ার্ধে সিটির রক্ষণ হয়ে পড়ে দুর্বল। ভঙ্গুর মনোবলের সুযোগ কাজে লাগিয়েছেন টমাস পার্টি, মাইলস লুইস-স্কেলি, কাই হাভার্টজ ও এথান নোয়ানেরিররা। দলের এমন বেহাল দশায় আবারও মন খারাপ করেছেন গার্দিওয়ালা। বলেছেন, গভারদিওলরা তাদের কাজটা ঠিকমতো করতে পারেননি।
৫-১ ব্যবধানে হার, নিঃসন্দেহে এটি গার্দিওয়ালার সিটি ক্যারিয়ারে বড় হারগুলোর অন্যতম। চলতি সিজনে টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল তারা। এত কিছুর পরও মেজাজ ধরে রেখেছেন স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তারা ভেঙে পড়তে পারে। ভেঙে পড়াটা স্বাভাবিক। কিন্তু তাদেরও মাঠে কিছু করার আছে। তাদের যা করা উচিত ছিল। নিঃসন্দেহে তারা তা পারেনি।‘ সিটি মাস্টারমাইন্ড যোগ করেন, ‘তোমাকে ওভারকাম করতে হবে। কোনোভাবেই নিয়ন্ত্রণ হারানো যাবে না, হোক সেটা ৯০ মিনিট কিংবা ৯৫ মিনিটে। যেভাবে শুরুটা হয়েছিল, সেভাবে শেষ করা উচিত নয়। আমরা কমপক্ষে আরও ৩টি গোল পেতাম।’
আর্সেনালের বিপক্ষে শেষ দিকে ঝড় বয়ে যাওয়ার পর ড্রেসিংরুমের অবস্থা গুমোট হবে এটাই স্বাভাবিক। সিটি বস বলেছেন সে কথাই, ‘এভাবে হারলে এমন হওয়াটা স্বাভাবিক। বিশেষ করে শেষ ২৫ মিনিটে পরাজয় কোনোভাবেই কাম্য নয়। আমি শুধু শেষ ২৫ মিনিটের জন্য অনুশোচনা করছি। আমরা ভুলে গেয়েছিলাম কী করা উচিত তখন। ৬০, ৬৫ ও ৭০ মিনিটে আমাদের কী করা উচিত ছিল।’
ক্রমান্বয়ে নিজেরও বয়স বেড়ে যাচ্ছে, সেটা অবশ্য স্বীকার করেছেন গার্দিওয়ালা। গার্দিওয়ালা বলেন, ‘এটা স্পষ্ট খেলোয়াড়রা বুড়ো হচ্ছে, ম্যানেজার বুড়ো হচ্ছে, তাই এমন ঘটনা অস্বাভাবিক নয়।’