প্রিমিয়ার লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০১ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৫ এএম
বিপদ দলবেঁধেই আসে। অন্তত পেপ গার্দিওয়ালা ও তার দল ম্যানচেস্টার সিটির দিকে তাকালে সেটা স্পষ্ট। গত সপ্তাহে কোনোমতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করে সিটিজেনরা। প্রিমিয়ার লিগে পা রাখতেই আগের চেহারায় ফিরে গেল। আর্সেনালের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সিটি। প্রিমিয়ার লিগের ম্যাচে টানা চারবারের চ্যাম্পিয়ন সিটিকে রবিবার রাতে ৫-১ গোলে হারিয়েছে মিকেল আরতেতার দল। একই সঙ্গে শিরোপায় চুমু আঁকার স্বপ্ন জিইয়ে রাখলেন গানার্সরা।
শনিবার বোর্নমাউথের বিপক্ষে জয়ে আর্সেনাল থেকে লিভারপুলের দূরত্বটা দীর্ঘ হয়। দ্য রেডসের সঙ্গে শিরোপার ইঁদুর দৌড়ে টিকে থাকতে হলে সিটির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্সেনালের। নিজেদের মাঠ এমিরেটসে সে কাজটা দারুণভাবেই করেছেন কাই হাভার্টজরা।
এদিন খেলা শুরুর মাত্র ২ মিনিটের মাথায় লিড পান স্বাগতিকরা। সিটির রক্ষণভাগের ভুলে বল পেয়েছিলেন হাভার্টজরা। তার বাড়ানো বলে অডেগার্ডের গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও লিড বাড়াতে পারেনি আর্সেনাল। ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরেই ম্যাচঘড়ির ৫৫ মিনিটে আর্লিং হালান্ডের গোলে সমতায় ফেরে সিটি। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নরওয়েজীয় তারকার ২৫তম গোল ছিল এটি। সমতায় ফিরে যেন উল্টা আর্সেনালকে তাতিয়ে দেন হালান্ড। উদ্যাপনের রেশ থাকতে থাকতেই টমাস পার্টির গোলে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর মাইলস লুইস-স্কেলি (৬২ মিনিট), হাভার্টজ (৭৬) ও এথান নোয়ানেরির (৯০+৩) গোল ব্যবধানটাকে ৪ বানিয়ে দেয়।
শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এ জয়ে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল আর্সেনাল। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সিটি।