প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৪ এএম
একটা প্রত্যাবর্তনের আভাস এবারও দেখা গিয়েছিল মিলান ডার্বিতে। গত জানুয়ারিতেই ০-২ গোল থেকে ৩-২ গোলে ইন্টার মিলানের কাছ থেকে সুপার কাপটা ছিনিয়ে নিয়েছিল এসি মিলান। সেই প্রত্যাবর্তনের রোমাঞ্চ এবার ইন্টারের হয়ে সানসিরোতে ফিরে আসার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। কিন্তু দারুণ খেলার পরও ভাগ্যকে পাশে পায়নি নেরাজ্জুরিরা। নয়ত দুবার জাল কাঁপানোর পরও কেন অফসাইডের কারণে গোলবঞ্চিত হতে হবে, কেন একই ম্যাচে তিন তিনবার বারপোস্টে লেগে বল ফিরে আসবে! ম্যাচ জিততে না পারায় ইন্টার কোচ সিমিয়নে ইনজাগি হয়ত শিষ্যদের দোষ না দিয়ে ভাগ্যকেই দোষারোপ করবেন। তারপরও তার দল ঘুরে দাঁড়িয়ে এক পয়েণ্ট নিয়ে মাঠ ছেড়েছে।
রবিবার রাতে সিরি’আ ম্যাচের মিলান ডার্বিতে কেউ জেতেনি। গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। প্রথমার্ধে এসি মিলানকে এগিয়ে দেন টিয়ানি রেইন্ডার্স। ম্যাচের যোগ করা সময়ের ৩ মিনিটে সমতা টানেন ইন্টারের স্টেফান ডি ভ্রেই। এই বছর এটি দ্বিতীয় মিলান ডার্বি। প্রথমটা ছিল সুপার কাপে। রিয়াদের আল আওয়াল স্টেডিয়ামে মিলান জিতেছিল ৩-২ ব্যবধানে।
লিগে অবশ্য এটি ছিল দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম লেগে ইন্টারকে ২-১ ব্যবধানে হারিয়েছিল এসি মিলান। ওই হারটাই লিগে এখন পর্যন্ত ইন্টারের একমাত্র পরাজয় হয়ে আছে। ২২ খেলায় ১৫ জয় এবং বাকি ৬ ম্যাচে ড্র করেছে ইনজাগির দল। পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা।

খেলার ৪২ মিনিটে ‘ডেডলক’ ভাঙেন মিলানের রেইন্ডার্স। রাফায়েল লিয়াওয়ের কোনাকুনি শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে পাঠান ডাচ মিডফিল্ডার। ৬৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেস। এবার ফাউলের বাঁশি বাজান রেফারি।
তিন মিনিট পর ডিফেন্ডার ইয়ান বিসেকের হেড, ৮২ মিনিটে মার্কাস থুরামের ভলি ও যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেনজেল ডামফ্রিসের শট; ইন্টারের তিনটি প্রচেষ্টাই বাধা পায় একই পোস্টে! এছাড়া ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দারুণ থুরামের গতিময় ঠেকিয়ে দেন মিলানের গোলরক্ষক।

অবশেষে পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় ইন্টার। সতীর্থের ক্রসে দূরের পোস্টে ডিফেন্ডার নিকোলা জালেবস্কি বুক দিয়ে নামিয়ে বল দেন আরেক ডিফেন্ডার ডি ভ্রেইকে, বাঁ পায়ের শটে গোল করে দলকে উল্লাসে ভাসান তিনি।