প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৬ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। লিগ পর্বের ৪২ ম্যাচের লড়াই শেষে চারটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। শেষ চারে কোন চার দল জায়গা করে নিচ্ছে সেটা নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হয়েছে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। ফলে এবারের বিপিএলের মাঠের লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হয়েছে তা বুঝাই যাচ্ছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারিয়ে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং কিংস। এর ফলে এলিমিনেটরে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে। অন্যদিকে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠেছে গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লে অফে খেলা চতুর্থ দল খুলনা টাইগার্স। শেষদিন সর্বশেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা। তাদের সঙ্গে পয়েন্ট টেবিলে লড়াই জমেছিল দুর্বার রাজশাহীর। শেষ পর্যন্ত ৬ জয়ে দুই দলেরই সমান ১২ পয়েন্ট ছিল।
যদিও নেট রানরেটের হিসাবে এগিয়ে থাকায় পরের পর্বের টিকিট কেটেছে খুলনা। রাজশাহীর গ্রুপ পর্বের ম্যাচ বেশ কদিন আগেও শেষ হলেও তাদের অপেক্ষায় থাকতে হয়েছিল গ্রুপ পর্বের শেষদিন পর্যন্ত। এদিকে কপাল পুড়েছে রংপুরের। তারা সরাসরি প্রথম কোয়ালিফায়ারে খেলার সুযোগ হারিয়েছে প্রথম ৮ ম্যাচে জয়ের পরও।
কারণ গ্রুপ পর্বের শেষ চার ম্যাচেই হেরেছে নুরুল হাসান সোহানের দল। যদিও সবার আগে তারাই প্লে অফের টিকিট পেয়েছিল। সোমবার থেকে শুরু হবে বিপিএলের প্লে-অফ রাউন্ড। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা রংপুর-খুলনা। এদিনই সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দুই টেবিল টপার বরিশাল ও চিটাগং।
প্রথম কোয়ালিফায়ারে যে দল জয় পাবে তারা সরাসরি ফাইনালে জায়গা করে নেবে। যদিও হারের স্বাদ পাওয়া দলটিরও ফাইনালে খেলার সুযোগ থাকবে। তারা এলিমিনেটরে জয় পাওয়া দলের বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে মাঠে নামবে প্রথম কোয়ালিফায়ার থেকে ফাইনালে জায়গা করে নেয়া দলের বিপক্ষে।
প্লে-অফ ও ফাইনালের সূচি:
এলিমিনেটর: রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স; ৩ ফেব্রুয়ারি, দুপুর ১:৩০ মিনিট, মিরপুর
প্রথম কোয়ালিফায়ার: চিটাগং কিংস বনাম ফরচুন বরিশাল; ৩ ফেব্রুয়ারি, রাত ৬:৩০ মিনিট, মিরপুর
দ্বিতীয় কোয়ালিফায়ার: এলিমিনেটরের বিজয়ী বনাম প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল; ৫ ফেব্রুয়ারি, রাত ৬:৩০ মিনিট, মিরপুর
ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী; ৭ ফেব্রুয়ারি, রাত ৭:০০ মিনিট, মিরপুর