প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৯ পিএম
২০১৬ সালে বয়সভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু, সবশেষ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জাতীয় দলের। হান্নান সরকারের সবমিলিয়ে ৮ বছর ৮ মাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এবার সেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চলতি মাস শেষেই জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ৪২ বর্ষী হান্নান। নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন তিনি। এবার তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) দিয়ে ফের কোচিং ক্যারিয়ারে ফিরবেন হান্নান।
নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে যুব বিশ্বকাপ এবং দুটি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। এ ছাড়া এর আগে তিনি কাজ করেছেন বিপিএলের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির (২০১২, ১৩, ১৬ ও ১৭ মৌসুমে) সহকারী কোচ এবং ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচ হিসেবে। এ ছাড়া তিনি বিসিবির এইচপি (হাই-পারফরম্যান্স) ইউনিট, এনসিএল, বিসিএলেও কোচিং করিয়েছেন।
কোচিং ক্যারিয়ার শুরুর আগে ২০১০–১১ সালে বিসিবির লেভেল ১-২ দুটি কোর্স করেছিলেন হান্নান।