প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৮ পিএম
বিপিএলে শুরু থেকে ছন্দে ছিলেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি শরিফুল ইসলামের। তবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার প্রস্তাব পেয়েছেন টাইগার পেসার। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল নিজেই।
টাইগার পেসার জানিয়েছেন, তাকে টানতে চায় টি-টোয়েন্টি ব্লাস্টের ফ্র্যাঞ্চাইজি এসেক্স। তবে সেটি প্রস্তাবনার পর্যায়ে রয়েছে। কারণ সেখানে খেলতে হলে বিসিবির ছাড়পত্র লাগবে।
এসেক্সের কাছ থেকে প্রস্তাব পাওয়ার ব্যাপারে শরিফুল বলেন, ‘এমন প্রস্তাব এসেছে। ওরা এনওসির জন্য চিঠি পাঠাবে। সেটি হাতে পেলে বিসিবির কাছে আবেদন করব। এরপরই বিসিবি সিদ্ধান্ত নেবে, দেখা যাক কী হয়।’
আগামী ২৯ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্টের নতুন মৌসুম। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ১৬টি দলকে উত্তর-দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়েছে। এসেক্স পড়েছে দক্ষিণ গ্রুপে। প্রতিটি দল গ্রুপ পর্বে খেলতে ১৪টি করা ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না পাওয়া শরিফুল এবারের বিপিএলে খেলছেন চিটাগাং কিংসের হয়ে। এখন পর্যন্ত দলটির হয়ে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন।
কাউন্টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা খুব বেশি বাংলাদেশির নেই। এর আগে দুই দফায় ইংলিশ কাউন্টির হয়ে খেলেছেন সাকিব আল হাসান। কাউন্টিতে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানেরও। এবার হয়ত সেই তালিকায় উঠবে শরিফুলের নামও।