প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৯ পিএম
বোলিংয়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন বোলাররা। বাকি কাজ ব্যাটিংয়ে দারুণভাবে সামলেছে চিটাগং কিংস। রংপুর রাইডার্সকে টানা তৃতীয় হারের স্বাদ দেওয়া মোহাম্মদ মিথুনের দল শেষ চারের গন্ধও পাচ্ছে। বাকি দুই ম্যাচের মাঝে অন্তত একটি জিততে হবে চিটাগংকে।
মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে রংপুর। যা পেরোতে ৫ উইকেট ও ১৪ বল হাতে রাখে চিটাগং। তাতে টেবিলেও আসে কয়েকটি বদল। এতদিন বিপিএলের শীর্ষে থাকা রংপুর নেমে গেছে দুইয়ে। দুর্বার রাজশাহীকে চারে ঠেলে তিনে উঠেছে চিটাগং।
বুধবার টস হেরে নুরুল হাসান সোহানের দল ভালো শুরু পায়নি। পাকিস্তানের ব্যাটার ইফতেখার আহমেদের লড়াইকু ফিফটিতে কেবল মান বাঁচানো পুঁজি পায়। ব্যাটিংয়ে এদিন ৩৭ রানে ৩ উইকেট হারায় রংপুর। ওপেনার স্টেফেন টেইলর ৭ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ৮ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। চোট কাটিয়ে ফেরা সৌম্য সরকার আজও পারেননি রান বড় করতে। থামেন ১৭ বলে ২৩ রান করে।
ব্যর্থ হন নুরুল হাসান (২১ বলে ৯) ও ইরফান শুক্কুরও (২ বলে ১)। ৬৮ রানে ৫ উইকেট হারানো দলকে দেড়শ রান পর্যন্ত টেনে নেন ইফতেখার আহমেদ। শেখ মেহেদীকে নিয়ে ষষ্ঠ উইকেটের জু্টিতে ৪৭ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। ৪৭ বলে হার না মানা ৬৫ রান (৭ চার ও ৩ ছক্কা) করেন ইফতেখার। ২০ বলে ২২ রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী। বল হাতে চিটগংয়ের হয়ে ৪৪ রানে ২ উইকেট নেন খালেদ আহমেদ। ৪ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ১৪ রান দেন আলিস। ১৫ রান খরচ করেন বিনুরা ফার্নান্দেজ।
দেড়শ ছুইছুই পুঁজির লক্ষ্যে ভালো শুরু পায়নি চিটাগং কিংসও। ওপেনার লাহিরু মিলানথা ফেরেন ৬ রান করে। গ্রাহাম ক্লার্ক করেন ১৫ রান। তবে একপাশ আগলে ধীর গতিতে দলকে এগিয়ে নেন পারভেজ হোসেন ইমন। তার ব্যাটে ৪৩ বলে আসে ৪১ রান। অধিনায়ক মিথুন করেন ২০ রান। শামিম হোসেন হন ব্যর্থ।
আকিভ জাভেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের তোপের দিনে অবশ্য পথ হারায়নি চিটাগং। ১৮ বলের ঝড়ে হায়দার আলি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। শেষদিকে রাহাতুল থাকেন ৬ রানে অপরাজিত। তাতেই আসে কাঙ্ক্ষিত জয়টি। আগামী দুটি ম্যাচে সিলেট ও বরিশালের বিপক্ষে লড়বে সিলেট।