ফেডারেশন কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:১৪ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫ পিএম
শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশ পুলিশ এফসির সামনে। তাদের দিকে তাকিয়ে ছিল ফর্টিস এফসিও। কারণ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে পুলিশ জিতলেই সুযোগ থাকতো তিন ম্যাচ পরেও ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ফর্টিসে। কিন্তু দিনের সহজ সমীকরণটাই মিলিয়ে নিয়েছে ব্রাদার্স। পুলিশের বিপক্ষে ড্র করে গোপীবাগের দলটি পৌছে গেছে ফেডারেশন কাপের প্লে অফ রাউন্ডে।
মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স-পুলিশ। একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে গ্রুপ সেরা হয়ে প্লে অফ নিশ্চিত করল প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চার ম্যাচে তিন জয় এবং এক পরাজয়ে ৯ পয়েন্ট ভ্যালেরি তিতার দলের। গ্রুপ রানার্সআপ হওয়া ব্রাদার্স জিতেছে দুই ম্যাচ, হার ও ড্র সমান একটি করে ম্যাচে। তাতে ৭ পয়েন্ট পেয়েছে দলটি। ফর্টিসের পয়েন্টও সমান ৭; তবে হেড টু হেড সমীকরণে পরের রাউন্ডে উঠেছে ব্রাদার্স।

আগামী ৮ এপ্রিল প্লেঅফ রাউন্ডের প্রথম ম্যাচে মাঠে নামবে ‘এ’ গ্রুপ সেরা বসুন্ধরা কিংস। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই ম্যাচে জয়ী দল সরাসরি পৌছে যাবে ফাইনালে। আর ১৫ এপ্রিল ব্রাদার্স খেলবে ‘বি’ গ্রুপ রানার্সআপ দলের বিপক্ষে। এই ম্যাচের জয়ী দল এবং কোয়ালিফায়ার্স ওয়ান এর হেরে যাওয়া দলটি মোকাবিলা করবে ২২ এপ্রিল। সেখান থেকে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট। কিংস অ্যারেনায় আগামী ৫ মে গড়াবে ফেড কাপের ফাইনাল।
যদিও এদিন জিতেই প্লে-অফে যেতে পারত ব্রাদার্স। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাদার্সের এলিটা কিংসলি। শেষ দিকে সুযোগ পেয়েছিল পুলিশও। কিন্তু আল-আমিনের ক্রস থেকে গোলমুখ থেকে জালে বল জড়াতে পারেননি তার সতীর্থরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র মেনে এবং ৬ পয়েন্ট পেয়ে ফেড কাপ থেকে বিদায় নেয় পুলিশ। দিনের অন্য ম্যাচে অবশ্য গোলবন্যাই হয়েছে। ওয়ান্ডারার্সকে গোলবন্যায় ভাসিয়েছেন সোহেল রানা, মিগেল দামাশেনো ও তপু বর্মণরা। ম্যাচে এই তিনজনের পাশাপাশি একবার করে ওয়ান্ডারার্সের জাল কাঁপিয়েছে আরেক মিডফিল্ডার মো. সোহেল রানা ও রাসেল।

১৭ মিনিটে তালগোল পাকিয়ে প্রথম গোল হজম করে ওয়ান্ডারার্স। মজিবর রহমান জনির পাস থেকে গোল করেন দামাশেনো। কিংসের গোলউৎসবেরও শুরু এখান থেকে। ৪০ মিনিটে বক্সের ঠিক উপর থেকে বাঁ পায়ের নিচু জোরালো শট নেন সোহেল রানা, ঝাঁপিয়ে পড়া গোলরক্ষক সাইফুল ইসলামের গ্লাভস এড়িয়ে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেয় বল। ২ গোলেল লিড নিযে বিরতিতে যায় কিংস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও কোণঠাসা হয়ে পড়ে ওয়ান্ডারার্স। দলটি এই অর্ধে গোল হজম করে আরও তিনটি। শেষ পর্যন্ত বড় জয়ে প্লেঅফ নিশ্চিত করে কিংস। অথচ গ্রুিপ পর্বে ২-০ গোলে ফর্টিসের কাছে হেরে বিপাকেই ছিল দলটি। তবে ওই হারের পর ঘুড়ে দারিয়েছে তারা। অন্যদিকে আশা দারুণ শুরুর পরও পরের রাউন্ডে যেতে পারল না ফর্টিস।