নতুন করে আরও সাতটি ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রকাশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঘোষিত ফেডারেশনগুলো হচ্ছে- সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং, ভারত্তোলন, কারাতে, ভলিবল ও শরীর গঠন। এর আগে গত বছরের ১৪ নভেম্বর নয়টি ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছিল এনএসসি। আড়াই মাস পর আজ মঙ্গলবার দুপুরে এই সাতটি ফেডারেশনের অ্যাডহক কমিটি চূড়ান্ত করা হলো।
উইং কমান্ডার (অব:) মহিউদ্দিন আহমেদকে করা হয়েছে ভারোত্তলন ফেডারেশনের সভাপতি। এর আগেও তিনি ফেডারেশনে ছিলেন। নতুন করে দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ১৯৭২ সাল থেকে ফেডারেশনের সঙ্গে জড়িত। খেলোয়াড় হিসেবে, সংগঠক হিসেবে, সহ-সভাপতি হিসেবে এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি ৪২ বছর ধরে। আমাকে সরকার এবার সভাপতি নির্ধারণ করেছে, এজন্য আমি সরকারের কাছে কৃতজ্ঞ এবং সরকার ও ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাতে চাই; আমি এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। আমি চাইবো ভারোত্তলন দেশে বিদেশে যেন আরও প্রসার লাভ করে এবং আমরা যেন অনেক সম্মান, পদক বয়ে আনতে পারি।’
ভারোত্তলনে মহিউদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব:) শহিদুল ইসলাম চৌধুরীকে। ১৭ সদস্যের কমিটিতে আছেন দুইজন সহ-সভাপতি। এদিকে কমিটিতে ফিরে সভাপতি মহিউদ্দিন কথা বলেছেন প্রতিবন্ধকতা নিয়ে। কারণ ফেডারেশনের কোনো নিজস্ব জায়গা নেই। নেই প্রয়োজনীয় সব ইকুইপমেন্ট। তারপরও ভালো কিছু করার প্রত্যই মহিউদ্দিনের কণ্ঠে, ‘প্রতিবন্ধকতা তো থাকবেই, আমি আগেও ক্রীড়া পরিষদে সভাপতি ছিলাম, তো আমি জানি আসলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে, আশা করি সব কাটিয়ে উঠতে পারব। খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টরা উপকৃত পাবে বলে আশা করি।’
সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনকে। বিগত কমিটির সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর সাঁতারের অন্যতম পৃষ্ঠপোষক। তাকে অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি রাখা হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদকে সদস্য, বিগত কমিটির সদস্য নিবেদিতা দাসকে যুগ্ম সম্পাদক করেছে এনএসসি। ১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ, বিমান ও বিকেএসপিতে একজন করে প্রতিনিধি থাকবে। দুইবারের অলিম্পিয়ান ও সাবেক কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ।
টেবিল টেনিসের অ্যাডহক কমিটিকে ১৭ সদস্যের মধ্যে রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ড ও বিকেএসপি থেকে একজন টিটি সংক্রান্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে সাবেক খেলোয়াড় ও সংগঠক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। টেবিল টেনিসের অন্যতম কিংবদন্তী নাসিমুল হাসান কচি কমিটিতে জায়গা পেয়েছেন যুগ্ম সম্পাদক হিসেবে। বিগত কমিটির অন্যতম আলোচিত ব্যক্তি খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হিসেবে রেখেছে। সাবেক টিটি খেলোয়াড় ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিনকে নিয়ে সভাপতির আলোচনা শোনা গেলেও শেষ পর্যন্ত মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে দায়িত্ব দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
ভলিবল ফেডারেশন থেকে আশিকুর রহমান মিকুকে সরিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে। ভলিবল ফেডারেশনে সভাপতি পদে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান মনোনীত হয়েছেন। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট। সেনা, নৌ, বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন কমিটিতে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন, লিঙ্কন সদস্য হিসেবে আছেন। কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট। সেনা, আনসার ও বিকেএসপি থেকে একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। আগের কমিটির কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ অ্যাডহক কমিটির সদস্য হয়েছেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম।