অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৪৬ পিএম
একই দিনে বাংলাদেশ দুই বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। দুটো ম্যাচই নারী ক্রিকেটে। প্রথমটায় আজ সকালে বড়রা ১৪৪ রানের বড় স্কোর গড়েও হেরেছে। তারই শোধ দুপুরে ছোটরা তুলেছে ১০ উইকেটে উইন্ডিজকে হারিয়ে।
মালয়েশিয়ায় ক্যারিবিয়ানদের চেপে ধরার কাজটা বোলাররাই করেছেন। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচটায় উইন্ডিজকে হাত খুলতে দেননি নিশীতা-আনিসারা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিতে নিশীতা আক্তার ৩ আর আনিসা আক্তার নেন ২টি করে উইকেট। তাতেই বিদায় নেওয়া বাংলাদেশ পায় সান্তনার জয়।
এদিন নিশীতা-আনিসরা তোপের মুখে মুখ থুবড়ে পড়েছিল উইন্ডিজ ব্যাটাররা। ইনিংসের সর্বোচ্চ রানটা আসে অমৃতা রামতাহালের ব্যাট থেকে। করেন ১৬ রান। ফলে উইন্ডিজের রানটাও বড় হয়নি। ৬ উইকেট খুইয়ে ৫৪ রানের শেষ হয় তাদের ইনিংস।
জবাবে পুরো বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি জ্বলে ওঠে। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া আর জুয়াইরিয়া মিলেই ম্যাচ শেষ করে আসেন। ছোঁয়া ১৪ আর জুয়াইরিয়া করেন ২৫। অতিরিক্ত খাত থেকে আসে ১৬ রান। বাংলাদেশ ম্যাচ জেতে ৬৭ বল হাতে রেখে।
বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয় আগের ম্যাচেই। তবে শেষ ম্যাচের এই জয় খানিকটা আফসোসও উপহার দিচ্ছে বৈকি! এই বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৩ জয় নিয়ে ফিরছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে নেপাল, স্কটল্যান্ডের বিপক্ষে জয় ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আশাহত হার এবং ভারতের কাছে গুড়িয়ে যাওয়ায় শেষ চারের লড়াইয়ে ছিল না সুমাইয়া আক্তারের দল।