প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ১০:১১ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ১১:০১ এএম
সৌদি আরব ছাড়বেন নেইমার, বেশ কিছুদিন ধরেই এমন আলোচনা। নেইমারকে রাখতেও চায়নি প্রো লিগের ক্লাব আল হিলাল। অবশেষে ভাগ্যান্বেষণে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েই ফেললেন নেইমার। সৌদি আরবের পাট চুকিয়ে হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
সোমবার সমাজমাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল। ক্লাবটি জানায়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মাঝরাতে জানা যায়, ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যাচ্ছেন নেইমার।
ফুটবল-বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন রবিবার জানিয়েছিল, ছোটবেলার ক্লাব সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তি নিয়ে আলোচনা করছেন নেইমার। যেখানে এ সম্ভাব্য চুক্তির মেয়াদ আরও দেড় বছর বর্ধিত করার সুযোগও রাখছে দুই পক্ষ।
সমঝোতা সহজ সম্পন্ন করতে চুক্তি অনুযায়ী প্রাপ্য বেতনের একটি অংশ নেবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকার ছেড়ে দেওয়া অর্থের পরিমাণ ২ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ডলারের মধ্যে। কিন্তু চুক্তি অনুযায়ী নেইমারের পাওয়ার কথা ৬ কোটি ৫০ লাখ ডলার।
আল হিলালের জার্সিতে মাত্র সাত ম্যাচ খেলেন নেইমার। এসব ম্যাচে গোল করেন মাত্র ১টি। সেটি ২০২৩ সালের ৩ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নাসাজি মাজানদারানের বিপক্ষে।
ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, সৌদি আরব ছেড়ে নেইমার যাচ্ছেন তার ক্যারিয়ারের শুরুর ক্লাব সান্তোসে। সেজন্য বেতন অনেকখানি কমে যাচ্ছে তার।