প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ০৯:০২ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫ ০৯:১৫ এএম
ছবি : সংগৃহীত
চলতি বিপিএল প্রায় শেষের পথে। সর্বমোট ৪৮ ম্যাচের আসরে এরই মধ্যে (গতকাল সোমবার পর্যন্ত) শেষ হয়েছে ৩৬ ম্যাচ। শেষ হয়েছে প্রায় ৭৫ শতাংশ ম্যাচ। বিতর্কের মাঝ দিয়ে শুরু হওয়া এই আসরে হাজির হচ্ছে নিত্যনতুন সব বিতর্ক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারের বিপিএল শেষ হলেও বোধকরি শেষ হবে না বিকল্প।
বিপিএল মানেই বিতর্ক। প্রতি আসরেই অদ্ভুত সব ঘটনা দিয়ে শেষ হয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবার সবকিছুকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। উদ্বোধনী অনুষ্ঠান, টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা নিয়েই শুরু হয় এবারের আসর। এরপর একে একে যোগ হয়, চার-ছক্কা বাড়ানোর জন্য মাঠের দৈর্ঘ্য কমিয়ে ফেলা, ক্রিকেটারদের মেজাজ হারানো। বিতর্ক চরমে ওঠে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে। মাঝপথেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দুর্বার রাজশাহীর নিয়মিত অধিনায়ক এনামুল হক বিজয়কে। এখানেই শেষ নয়। গত রোববার ঘটেছে অভাবনীয় কাণ্ড।
পারিশ্রমিক ইস্যুতে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। হুমকি দিয়েছিলেন ম্যাচ বয়কটের। স্থানীয় ক্রিকেটারদের বুঝিয়ে শুনিয়ে মাঠে আনা গেলেও বিদেশিদের মাঠে আনতে পারেনি দলটির কর্ণধার ভ্যালেন্টাইন গ্রুপ। ফলে একাদশে সব স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে। যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।
বিপিএলের বাইলজ অনুযায়ী, ‘ কোনো দলের একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার খেলাতে হবে। তবে ‘যথাযথ কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য হিসেবে গণ্য করা হয়। ওই সুযোগ কাজে লাগিয়েই শেষ অবধি একাদশ সাজিয়ে রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে রাজশাহী। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা না থাকায় শুধু দেশিদের নিয়ে খেলার আবেদন করে রাজশাহী। এই আবেদনের প্রেক্ষিতে রাজশাহীর ‘বিশেষ অনুরোধ’ রাখে বিপিএল টেকনিক্যাল কমিটি। অবশ্য গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুজন বিদেশি মাঠে নামাতে সমর্থ হয় রাজশাহী।
এবারের আসরের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু নিয়ে বিস্তর সমালোচনা হয়। নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগেই পাওনা টাকার ৫০ শতাংশ পাওয়ার কথা ক্রিকেটারদের। এই নিয়ম আছে কেবল কাগজেকলমেই। এবার বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিই তাদের প্লেয়ারদের কোনো টাকাই পরিশোধ করেনি। এই বিতর্কিত ইস্যুতে সবাইকে ছাপিয়ে উঠেছে রাজশাহী। গত ১৫ জানুয়ারি চট্টগ্রামে সকাল ১০টায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। কিন্তু সকাল পৌনে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুশীলন বাতিল করা হয়েছে। এর কারণ হিসেবে উঠে আসে, পারিশ্রমিক বকেয়া থাকার কারণে অনুশীলন বয়কট করেছেন দলটির ক্রিকেটাররা। এ অবস্থায়, দলটি মাঠে নামবে কি না তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে ২৫ শতাংশ নগদ অর্থ আর ২৫ শতাংশ চেক দিয়ে পরিস্থিতি সামাল দেয় রাজশাহী কর্তৃপক্ষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুদিন আগে বিদেশি ছাড়াই মাঠে নেমে নতুন বিতর্কের জন্ম দেয় রাজশাহী।
‘টিকিট বুথে বিক্ষুব্ধ দর্শকদের অগ্নিসংযোগের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিপিএল। উদ্বোধনী দিনে মিরপুর স্টেডিয়ামের প্রধান গেট ভেঙে মাঠে প্রবেশ করে দর্শকরা। সকাল থেকেই টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুর সুইমিং কমপ্লেক্সের পাশের বুথে অপেক্ষা করছিল দর্শকরা। বেলা সাড়ে ১১টার দিকে কিছু দর্শক কাউন্টার ঘিরে রাখা বাঁশের বেড়া ধাক্কাতে থাকে।এ সময় বুথে চালানো হয় ভাঙচুর। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা সেখানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
এই আসরের শুরু থেকেই কথা ওঠে মাঠের কম দৈর্ঘ্য নিয়ে। চার ছক্কা বাাড়নোর জন্য ব্যাটিংবান্ধব উইকেট করা হয়েছে। এটাকে ইতিবাচক হিসাবেই দেখছেন সবাই। কিন্তু মাঠের দৈর্ঘ্য কেন কমানো হয়েছে এটা নিয়ে কথা উঠছে। কেননা ছোট মাঠে ছক্কা মারার অভিজ্ঞতা আন্তর্জাতিক ক্রিকেটে কী কাজে আসবে, বড় হয়ে উঠেছে সে প্রশ্নটিই। সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে মাঠের দৈর্ঘ্য থাকে ৬৫ থেকে ৭৫ গজ। এই আসরে মিরপুর ও সিলেট স্টেডিয়ামে মাঠের দৈর্ঘ্য ৫৫ থেকে ৬০ গজের মতো। বাউন্ডারি লাইন নিয়ে সমালোচনা করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল, ‘যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে, তা খুব ভালো। তবে আমি দেখতে চাই আরও বড় সীমানা। ৫৮-৬০ গজের বাউন্ডারিতে আমরা কেন খেলছি, জানি না। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫-৭০ গজের বাউন্ডারি দেখা যায়।’
এবারের বিপিএলে তামিম ইকবাল মানেই যেন বিতর্ক। গত ৯ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে হারের পর অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। পরের সপ্তায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ফিল্ডার সাব্বির রহমানের ওপর খেপে যান তামিম। এ সময় অভব্য আচরণও করেন। এরপর চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারান দেশসেরা এই ওপেনার। সতীর্থ ডেভিড ম্যালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মাঠ ছাড়ার সময় ক্ষিপ্ত হয়ে ওঠেন তামিম। মালানকে লক্ষ করে আপত্তিকর কিছু একটা বলেন তামিম।
রাজশাহীর ধারাবাহিক বিতর্কে যোগ হয় নেতৃত্ব থেকে এনামুল হক বিজয়কে সরিয়ে দেওয়া। সেঞ্চুরির পরদিনই নেতৃত্ব হারান তিনি। তার জায়গায় অধিনায়ক করা হয় তাসকিন আহমেদকে। এ ছাড়া আরও কিছু ইস্যুতে প্রশ্নবিদ্ধ হয়েছে এবারের বিপিএল। এই আসরে মানসম্মত বিদেশি ক্রিকেটার নাই বললেই চলে। বলা হচ্ছে, জাতীয় দল থেকে বাদ পড়া ও অফফর্মে থাকা বিদেশি ক্রিকেটারদের পুনর্বাসন প্রকল্প এবারের টুর্নামেন্ট। বিতর্কের বাইরে থাকেনি উদ্বোধনী অনুষ্ঠানও। বিপিএলের কনসার্টে গান গাওয়ার জন্য পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী বিসিবির কাছ থেকে পেয়েছেন ৩ কোটি ৪০ লাখ টাকা। গত বছর বিপিএলে চ্যম্পিয়ন হওয়ার সুবাদে ফরচুন বরিশাল পেয়েছিল মোটে ২ কোটি টাকা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয় সোশ্যাল মিডিয়ায়।
বিপিএলে বিদেশি শিল্পীদের কনসার্ট আয়োজন বাংলাদেশ ক্রিকেটের মান উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছে, উঠছে এমন প্রশ্নও।