বিপিএল ২০২৫
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫ ০০:১৩ এএম
বাইরের নানা কেলেঙ্কারি-বিতর্কে টালমাটাল দুর্বার রাজশাহী। তবে মাঠের ক্রিকেটে তাসকিন আহমেদ, এনামুল বিজয়রা এখন যেন সত্যিই দুর্বার। পয়েন্ট টেবিলের সেরা দল রংপুর রাইডার্সকে টানা দুই ম্যাচে হারিয়ে চমকে দিয়েছিল তারা। এবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দাপুটে জয়ে প্লে-অফ খেলার সম্ভাবনাও উজ্জ্বল করেছে উত্তরবঙ্গের দলটি।
মিরপুরে গতকাল সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্বার রাজশাহী জিতেছে ৫ উইকেটের ব্যবধানে। দুর্দান্ত বোলিংয়ে প্রথমে সিলেটকে মাত্র ১১৭ রানেই আটকে ফেলেন এসএম মেহরব হোসেন (৪) মৃত্যুঞ্জয় (৩)। ছোট লক্ষ্য তাড়ায় ২২ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়লেও আকবর আলি (৪৩) ও রায়ান বার্লের (৪৮*) দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯ বল হাতে রেখেই হ্যাটট্রিক জয় তুলে নেয় রাজশাহী। অফস্পিনে ভেলকিবাজি দেখিয়ে ম্যাচসেরা হন মেহরব।
এবারের আসরে রংপুর রাইডার্সের সঙ্গে ফরচুন বরিশাল প্লে’অফ নিশ্চিত করেছে। বাকি থাকা দুটি স্থানের জন্য লড়াই করছে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। লিগ পর্বের ১২ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রাজশাহী। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগংয়ের অবস্থান চারে। ৮ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা খুলনা বাকি দুই ম্যাচ জিতলেই কেবল নেট রান রেটের সমীকরণে প্লে-অফ চূড়ান্ত হবে।