বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ২২:২৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ০২:৪৮ এএম
বিদেশি ক্রিকেটার ছাড়াই রংপুরকে হারাল তাসকিন ব্রিগেড; ছবি: আ. ই. আলীম
পারিশ্রমিক বিতর্কে ম্যাচ বয়কট করেছিল বিদেশি ক্রিকেটারেরা। তাই সব দেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়েছিল দুর্বার রাজশাহী। তাতে সম্মতি দিয়েছিল বিপিএলের টেকনিক্যাল কমিটিও। এ নিয়ে সমালোচনা শুরু হলেও ম্যাচটা তারা শেষ করেছে হাসিমুখেই। ব্যাটাররা বড় পুঁজি এনে দিতে না পারলেও বোলারদের কৃতিত্বে ২ রানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে রাজশাহী। এই জয়ে প্লে-অফের আশা বাচিয়ে রেখেছে তাসকিন ব্রিগেড।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার লো স্কোরিং ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রান করেছিল দুর্বার রাজশাহী। লক্ষ্য তাড়ায় মোহাম্মদ সাইফউদ্দিনের লড়াকু ফিফটিও রংপুরকে জেতাতে পারেনি। নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১১৭ রানে থেমে যায় তাদের ইনিংস। চট্টগ্রাম পর্বেও রাজশাহীর কাছে ২৪ রানে হেরেছিল নুরুল হাসান সোহানের রংপুর।
এদিন রাজশাহীর ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন নয় নম্বরে ব্যাট করতে নামা সানজামুল ইসলাম। রংপুরের হয়ে বল হাতে ভূমিকা রাখেন খুশদিল শাহ। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন তিনি।
১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেমন যেন দিশেহারা হয়ে পড়ে রংপুর রাইডার্স। একপ্রান্তে উইকেট হারালেও সাইফউদ্দিনের ব্যাটে আশা বাচিয়ে রাখে তারা৷ কিন্তু ৩১ বলে ৫২ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি সাইফউদ্দিন। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা রাজশাহীর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। দুই উইকেট নেওয়া তাসকিন পৌঁছান মাইলফলকে। নির্দিষ্ট একটি আসরে বিপিএলে সর্বোচ্চ ২৪ উইকেট তার।