প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ২১:০০ পিএম
ইনজুরি সমস্যায় ভুগছে সিলেট স্ট্রাইকার্স। চোট পেয়ে আগেই দল ছেড়েছিলেন রাকিম কর্নওয়াল। সেই তালিকায় যুক্ত হয়েছেন সিলেটের ইংলিশ পেসার রিস টপলি।
সিলেট ফ্র্যাঞ্চাইজি আজ নিশ্চিত করেছে, ডান পায়ের হাঁটুতে হাইপার-এক্সটেনশন ইনজুরিতে ভুগছেন টপলি। তাই টুর্নামেন্টের মাঝপথেই নিজ দেশে ফিরে গেছেন এই পেসার। এ ছাড়া হ্যামস্ট্রিংয়ের এই সমস্যার কারণে কুঁচকিতেও ব্যথা আছে টপলির। বিপিএলে খুব একটা ভালো করতে পারেননি টপলি। ৭ ম্যাচে ৯.৭৫ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট।
দলে ইনজুরির হানা প্রসঙ্গে এর আগে সিলেটের অধিনায়ক আরিফুল হক বলেছিলেন, ‘আমাদের উইকেটকিপার চারজন। ৪ কিপার থাকার পরও রনিকে কিপিং করতে হচ্ছে। কারণ জাকের আলি অনিকের ব্যাকে (পিঠে), জাকির হাসানের হাঁটু এবং জর্জ মুনসির আঙুলে চোট। ওরা কেউ কিপিং করতে পারছে না। বিষয়টা এমন যে, এখন রনিকে দিয়ে আমাদের কিপিং করাতে হচ্ছে।’
গতকাল ফরচুন বরিশালের কাছে হেরে সিলেটের আনুষ্ঠানিক বিদায়ও হয়ে গেছে। ১০ ম্যাচে তারা জিততে পেরেছে দুটিতে। বাকি দুটি ম্যাচের সবকয়টি জিতলেও তাদের সুযোগ নেই প্লে অফের। টুর্নামেন্টে সবার আগে ছিটকে যাওয়া সিলেট খেলবে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর বিপক্ষে।