প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৬ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ২১:০১ পিএম
ম্যাচ শুরুর আগে থেকেই চলছিল গুঞ্জন, বিদেশি খেলোয়াড়েরা মাঠে আসেননি। পরে সেটিই হয়েছে বাস্তব। রংপুর রাইডার্সের বিপক্ষে বিদেশি ছাড়াই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী।
আজ মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসের সময় রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছেন, তাদের স্কোয়াডে নেই কোনো বিদেশি। শোনা যাচ্ছে, পারিশ্রমিক জটিলতার কারণে কোনো বিদেশি মাঠে আসেননি।
বিপিএলের বাইলজের নিয়ম অনুযায়ী, ‘কোনো দল একাদশে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার ছাড়া খেলতে নামতে পারবে না। তবে ‘কারণ’ দেখাতে পারলে এ নিয়ম শিথিলযোগ্য হিসেবে গণ্য হবে।’ ওই সুযোগ কাজে লাগিয়েই শেষ অবধি একাদশ সাজিয়ে গতকাল রবিবার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামে রাজশাহী। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, বিদেশি ক্রিকেটাররা এভেইলেবল না থাকায় শুধু দেশিদের নিয়ে খেলার আবেদন করে রাজশাহী। এর প্রেক্ষিতে সেটি মঞ্জুর করেছে বিপিএল টেকনিক্যাল কমিটি।
বিপিএলের প্লেয়িং কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক তৈরি করে আসছে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। দলটির মালিক ভ্যালেন্টাইন গ্রুপের চেয়ারম্যান শফিকুর রহমান কয়েক দফা ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের অঙ্গীকার করেও তা দিতে পারেননি।
চট্টগ্রাম পর্বের শুরুতে অনুশীলন বয়কট করে ২৫ শতাংশ পারিশ্রমিক পান। ঢাকা পর্বের আগে আরও ২৫ শতাংশ পাওয়ার কথা ছিল। তা না পেয়ে ক্রিকেটাররাও বিক্ষুব্ধ হয়ে ম্যাচ বয়কটের হুমকিই দিয়েছিলেন। পরে স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করলেও বিদেশি ক্রিকেটারদের টাকা দিতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাতেই বেঁকে বসেছেন বিদেশিরা। তাতে করে বিশেষ ব্যবস্থায় স্থানীয় ক্রিকেটারদের নিয়েই মাঠে নামতে হয়েছে রাজশাহীকে।