প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৯ পিএম
সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন একপাশ আগলে দাড়িয়েচিলেন তিলক ভার্মা। ইংল্যান্ডের ভারত সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেটে জয় তুলে নেয় স্বাগতিকরা। একের পর এক উইকেট হারানোর দিনে মুগ্ধ করেছেন তিনে নামা তিলক। শেষপর্যন্ত দলকে জিতিয়ে নিজেও গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ভারত।
শনিবার রাতে চেন্নাইয়ে এক দুর্দান্ত বিশ্বরেকর্ড করেন ২২ বর্ষী তিলক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থেকে করেছেন ৩১৮ রান। এদিনের ম্যাচে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে তার সবশেষ তিন ইনিংস ১০৭*, ১২০*, ১৯*। এতদিন ২৭১ রান করে রেকর্ডটি নিজের খাতায় রাখেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান।
ম্যাচ শেষে এই তিলক জানান তিনি মানসিক ভাবে তৈরি ছিলেন শেষ পর্যন্ত খেলার। তিলক বলেন, ‘আমি নিজেকে বলেছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকব। ম্যাচ শেষ করে আসতে চেয়েছি। গম্ভীর স্যরের (ভারতের প্রধান কোচ) সঙ্গে গত ম্যাচে আমার কথা হয়েছিল। তাকে বলেছিলাম, দলের চাহিদা অনুযায়ী আমি খেলতে পারি। দরকারে ওভারে ৬,৭ রান নিতে পারি। আবার দরকারে ১০,১২ রানও নিতে পারি। গম্ভীর স্যর এই ম্যাচে আমাকে সেটাই করে দেখাতে বলল। সেটা মাথায় রেখেই খেলেছি।’