প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:০২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:০৪ পিএম
ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। গতকাল শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। ক্রিকেটারদের মধ্যে অশ্বিনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।
৩৮ বছর বয়সী অশ্বিন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে মোট ২৮৭ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার। তামিলনাড়ু থেকে অশ্বিনই প্রথমবার এই পুরস্কার পেলেন না। তার আগে ২০০৩ সালে পদ্মশ্রী পেয়েছেন কিংবদন্তি স্পিনার শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন।
২০১১ সালে বিশ্বজয়ী দলের সদস্যের ঠিক তার আগের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ঘটেছিল। ২০১১-তেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট অশ্বিনের। লাল বলের ক্রিকেটে তার গড়েছেন একের পর এক রেকর্ড। ১০৬টি টেস্টে ৫৩৭টি উইকেটের মালিক তিনি। একমাত্র ভারতীয় তারকা হিসেবে চারবার একই টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট নেওয়ার নজিরও গড়েছেন তিনি। পাঁচদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরা হওয়ার রেকর্ডও তার ঝুলিতেই রয়েছে।
অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন গুরুচরণ সিং, ২০২০ সালে জহির খান আর ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি ২০১৭ সালে পদ্মশ্রী পান। এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।
এদিকে ভারতের সাবেক হকি অধিনায়ক পিআর শ্রীজেশকে দেওয়া হচ্ছে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ। সম্মাননা তালিকায় খেলোয়াড় রয়েছেন ৪জন আর প্যারা অ্যাথলেটিকস কোচ একজন। পদ্মশ্রী পাওয়া বাকি খেলোয়াড় হলেন ভারতের সাবেক ফুটবলার আইএম বিজয়ন ও ভারতের প্রথম প্যারালিম্পিক সোনা জয়ী আর্চার হারভিন্দর সিং। প্যারা অ্যাথলেটিকস কোচ হিসেবে সত্যপাল সিং পাচ্ছেন পদ্মশ্রী।