প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫ ১২:০৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫ ১২:০৬ পিএম
চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন কিলিয়ান এমবাপে। কিন্তু স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ফর্মের উত্থান-পতন দেখেছেন ফরাসি অধিনায়ক। আগের ম্যাচেই জোড়া গোল করে লস ব্লাঙ্কোস সমর্থকদের দাবি মিটিয়েছিলেন। এবার রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিকও করেছেন এমবাপে। ফরাসি এ তারকার উড়ন্ত দিনে ৩-০ গোলে রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরেকটু মজবুত করল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এমনিতেই ভায়াদোলিদকে পেলেই বেশ চাঙ্গা থাকে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচসহ গত ৭ ম্যাচ ধরে ভায়াদোলিদকে ঘরে-বাইরে সবখানে হারিয়েছে তারা। তবে সাম্প্রতিক ফর্ম ও লা লিগায় নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতিতে শঙ্কা তো ছিলই। তবে গুরুত্বপূর্ণ সময়ে এমবাপে যা করেছেন, হয়তো এমন কিছুই আশা করেছিলেন কার্লো। দলের হয়ে তিনটি গোলই করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।
অবশ্য ধীর মেজাজে খেলা শুরুর পর তার গোলেই রিয়াল প্রাণচাঞ্চল্য ফিরে পায়। এমবাপ্পে দুই অর্ধে করেন দুটি গোল। ৩০ মিনিটে বেলিংহামের ও ৫৭ মিনিটে রদ্রিগোর অ্যাসিস্ট থেকে জালভেদ করার পর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পূর্ণ করেন স্বপ্নের ক্লাবের হয়ে নিজের প্রথম হ্যাটট্রিক। এ নিয়ে এমবাপে রিয়ালের সবশেষ ৫ ম্যাচে অষ্টম এবং সবমিলে ২২তম গোল পেয়েছেন।
আগেই লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বর দলের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিয়েছে। সমান ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫ এবং ৩৯ পয়েন্ট নিয়ে তিন-চারে রয়েছে বার্সেলোনা ও অ্যাতলেটিক বিলবাও।