অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:১৫ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫০ পিএম
ম্যাডিসন কিস
আমেরিকান ম্যাডিসন কিস অবশেষে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। মহিলা এককের ফাইনালে শনিবার তিনি হারিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কাকে।
সাত বছরেরও বেশি সময়ের ব্যবধানে দুটি মেজর ফাইনাল খেললেন ম্যাডিসন। ফাইনালে এদিন ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কাকে। ২৯ বছর বয়সে জেতা এটি ম্যাডিসনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। বয়সের হিসেবে তিনি চতুর্থতম বয়স্ক মহিলা যিনি তার প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন।

মেলবোর্নে ১৯তম বাছাই ম্যাডিসন শিরোপা জিতে আবেগঘন হয়ে পড়েন, ‘আমি এতদিন ধরে এটা চেয়েছিলাম। কখনও জানতাম না যে আমি আবার এই অবস্থানে থাকব। এদিকে বেলারুশের ২৫ বছর বয়সি সাবালেঙ্কা মৌসুমের প্রথম আসরে টানা তৃতীয় শিরোপা জয়ের জন্য কোর্টে নেমেছিলেন। তবে তাকে শিরোপা জিততে দেননি আন্ডারডগ ম্যাডিসন।

ম্যাচ শেষে সাবালেঙ্কা দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমার দলকে কি কিছু বলা উচিত? সবসময়ের মতো, এটা তোমাদের দোষ বন্ধুরা।’ সাবালেঙ্কার এই কথার পর দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে। একটু পরে ফের মজা করে বেলারুশ কন্যা বলেন, ‘আমি আগামী সপ্তাহে তোমাদের দেখতে চাই না। আমি সত্যিই তোমাদের ঘৃণা করি। না, যাই হোক, তোমরা আমার জন্য যা করছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, ব্লা ব্লা ব্লা।’
ফাইনাল ম্যাচ
নিয়ে সাবালেঙ্কার ভাষ্য, ‘আমরা আমাদের সেরাটা দিয়েছি, তবে ম্যাডিসন অসাধারণ খেলছিল
এবং আমি এই ম্যাচে কিছুই করতে পারিনি। পরেরবার যখন আমি ম্যাডিসনের বিপক্ষে খেলব তখন
আমি আরও ভালো টেনিস নিয়ে আসব। অবশ্যই, আমার দলকে ভালোবাসা জানাচ্ছি। হেরে গেলেও
আমি তোমাদের ভালোবাসি।’