প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১৭:২৭ পিএম
গতকাল ফকিরেরপুল ইয়াংমেন্সের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগ টপারদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর সুযোগ ছিল ঢাকা আবাহনীর সামনে। তবে সেই লক্ষ্য পূরণে হোচট খেয়েছে আকাশি-নীলরা। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে করেছে ড্র। একই সময়ে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি।
শনিবার মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেছে আবাহনী-ব্রাদার্স। এই ড্রয়ের পর মোহামেডানের সঙ্গে আবাহনীর পয়েন্ট ব্যবধান ৪। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাদা-কালোরা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ব্রাদার্স। সমান পয়েন্ট রহমতগঞ্জেরও, তবে গোলে এগিয়ে থাকায় এই তালিকার চারে জায়গা পেয়েছে পুরান ঢাকার দলটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল ফর্টিস। তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। জয়ী দলের হয়ে খেলার ৩৪ মিনিটে গোল করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড ইসা জালো। প্রিমিয়ার লিগে এই মৌসুমে এটি তার প্রথম গোল।