প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ১০:৫৭ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ২-১ ব্যবধানে সিরিজ হারের সঙ্গে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল বাংলাদেশের মেয়েরা।
এর আগে সম্ভাবনা জাগিয়েও প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা হলো না নিগার সুলতানা জ্যোতির দলের। তবে বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের সামনে।
গত রাতে ওয়ার্নার পার্কে টসভাগ্য যায় বাংলাদেশের পক। আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভার ৫ বলে গুটিয়ে যায় বাংলাদে। পুজি ১১৮ রানের। জবাবে ২৭ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ক্যারিবিয়ান মেয়েরা।
এই ম্যাচ দিয়ে নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের খেলা শেষ করল বাংলাদেশ। যেখানে ২৪ ম্যাচে ৮ জয় ও ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছেন জ্যোতিরা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।
আসন্ন বিশ্বকাপে স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দল সরাসরি সুযোগ পাচ্ছে।
গতরাতে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ। আর সেটা করতে পারলে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলতে পারত টাইগ্রেসরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মেয়েরা।
এদিন ১১৯ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। হাইলি ম্যাথিউস ও ইয়ানা জোসেফ মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৪৫ রান। ম্যথিউস করেন ২২ রান। আর জোসেফের ব্যাট থেকে এসেছে ৩৯ রান।
বাকি কাজটা সহজেই সেরেছেন শ্যামেন ক্যাম্পবেল ও ডানডি ডটিন। ক্যাম্পবেল অপরাজিত ছিলেন ২৫ রানে। আর ডটিনের করেছেন অপরাজিত ৩৩ রান।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। মুর্শিদা খাতুন দ্রুত বিদায় নিলেও সেই ধাক্কা সামলে বড় রানের পথেই ছিল বাংলাদেশ। বিশেষ করে ফারজানা হক ও শারমিন আক্তারের দ্বিতীয় উইকেট জুটিতে ৬২ রান তুলেছিল বাংলাদেশ।
তবে এই দুজনের বিদায়ের পরই পথ হারায় বাংলাদেশ। ৩ উইকেটে ৯৪ থেকে ১১৮ রানে অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ শেষের ২৪ রান যোগ করতেই ৭ উইকেট হারায় তারা। ক্যারিবিয়ানদের হয়ে ৪ উইকেট শিকার করেছেন কারিশমা রামারাক।