অস্ট্রেলিয়ান ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:২১ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫ ১৩:২৬ পিএম
বিশ্বের প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। প্রথম সেটে ১ ঘণ্টা ২১ মিনিটের তুমুল লড়াইয়ে ৭-৬ (৭-৫) গেমে জিতলেন জার্মানির আলেক্সান্দার জভেরেভ। এর পরই সবাইকে অবাক করে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন ৩৭ বর্ষী জোকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজকে হারিয়েছিলেন নোভাক। ৪-৬ গেমে প্রথম সেট হারের পর ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জেতেন সার্বিয়ান এ তারকা। সে ম্যাচেও কোর্টে বাঁ পায়ের চোট নিয়ে খেলেন তিনি। শুক্রবার সেমিতে সেই চোটের কাছেই হারতে হলো। এদিন তার বাঁ পায়ে বেশ ভালো রকমের ইনজুরি টেপ দেখা যায়। জভেরেভের বিপক্ষে প্রথম সেট হারের পর জোকোভিচ বুঝতে পারলেন, আর সম্ভব নয়।
ম্যাচ থেকে সরে দাঁড়িয়ে জোকোভিচ বলেন, ‘প্রথম সেটের পর ব্যথাটা ক্রেমে বাড়ছিল। এ মুহূর্তে এটি সামলানোর পরিস্থিতিতে আমি নেই। আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই, তিন বা চার ঘণ্টার লড়াই চালিয়ে যাওয়া লাগত, যেটা আজ আমার পক্ষে সম্ভব নয়।’
২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মার্গারেট কোর্টকে টপকে যাওয়ার লক্ষ্যে নোলের অপেক্ষাটা বাড়ল। সার্বিয়ান এ তারকা শেষবার গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০২৩-এ, ইউএস ওপেনে। এরপর সাতটি গ্র্যান্ড স্ল্যামে ঝুলি ফাঁকা রেখেই ফিরতে হয়। আগামী রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে লড়বেন জভেরেভ। পুরুষদের আরেক সেমিতে আজ মুখোমুখি হবেন ইয়ানিক সিনার ও বেন শেলটন।