বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ২০:৩০ পিএম
এবারের বিপিএলে টানা ৮ ম্যাচ খেলে একটি ম্যাচেও হারতে হয়নি। গ্লোবাল সুপার লিগও হিসেব করলে রংপুর রাইডার্সের অপরাজিত থাকার শিকল হবে আরও বড়। সেই দলই কি না হেরে গেল দুর্বার রাজশাহীর কাছে- যাদের ফেভারিট হিসেবে কেউ গোণায় ধরেননি। আসরে প্রথম হারকে তাই বড় অঘটনকে সতর্কবার্তা হিসেবেই দেখছে রংপুর।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
বৃহস্পতিবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ২৪ রানে হারিয়েছে দুর্বার
রাজশাহী। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ
করে দুর্বার রাজশাহী। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অলআউট হয় রংপুর।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক
নুরুল হাসান সোহানকে জিজ্ঞাসা করা হয়, এই হারকে ‘ওয়েক আপ কল’ হিসেবে দেখছেন কি না।
জবাবে সোহান অকপটে স্বীকার করলেন, বিষয়টি ‘এলার্মিং’। রংপুরের অধিনায়ক বলেন, ‘অবশ্যই,
এতদিন ভালো খেলেছি, আজকের হার এলার্মিং। সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট
জিনিসটাই এরকম। ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। আসলেন, জিতবেন- এটা আশা করা ঠিক নাই।
ভালো খেললেই জিতবেন। সবাই এখন এটা চিন্তা করবে।’
রংপুরের হারের কারণ হিসেবে পাওয়ারপ্লের
পারফরম্যান্সকে দাঁড় করিয়েছেন সোহান। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দল প্রথম ৬ ওভার
কাজে লাগাতে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি, ‘বোলিংয়ে পাওয়ারপ্লেতে ভালো শুরু করিনি।
উইকেট ট্রিকি ছিল, তাও কিছু রান দিয়ে দিয়েছি। ১৫ ওভার পরে ভালো কামব্যাক করেছি। তবে
কিছু রান হয়ে গেছে। ব্যাটিংয়েও আমরা সেভাবে রান তুলতে পারিনি পাওয়ারপ্লেতে। প্রথম ৬
ওভার টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ, ব্যাটিং বলুন বা বোলিং। দুটিই পক্ষে যায়নি।’
বিপিএলে এবার রান হচ্ছে অন্য যেকোনো
আসরের চেয়ে বেশি। তবে ঢাকা ও সিলেটের চেয়ে রানের স্রোত একটু কম চট্টগ্রামে। যদিও এতদিন
চট্টগ্রামের উইকেটকে দেশের সবচেয়ে ব্যাটিং বান্ধব উইকেট ধরে নেওয়া হতো। সোহান
মনে করেন, ঢাকা ও সিলেটের চেয়ে চট্টগ্রামের উইকেট একটু পিছিয়ে। তবে স্পোর্টিং উইকেট
বিচারে দৌড়ে থাকবে এই ভেন্যুও। সোহান বলেন, ‘মিরপুর বা সিলেটের উইকেট চট্টগ্রামের
চেয়ে ভালো ছিল এ কারণেই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এখানেও উইকেট ভালো, ঠিকঠাক।’
তবে ঢাকা ও বিশেষত সিলেটের চেয়ে বাউন্ডারির
মাপ ‘আদর্শ’ ধরা যায় চট্টগ্রামে। সোহানেরও এটাই চাওয়া, আদর্শ মাপই থাকুক বাউন্ডারির।
রাজশাহীর বিপক্ষে বাউন্ডারি লাইনে বেশ কিছু ক্যাচ আউট হওয়া প্রসঙ্গে বলেন, ‘যে বাউন্ডারির
মাপ স্ট্যান্ডার্ড ওটাই থাকা উচিৎ। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে,
আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এটাই স্বাভাবিক।’
ভেন্যু যেটাই হোক, সোহান অবশ্য নিয়মিতই
ব্যাট হাতে ঝড় তুলছেন। ফিনিশিংয়ে দেখাচ্ছেন দারুণ মুন্সিয়ানা। নিজের ফিনিশিং নিয়ে তিনি
বলেন, ‘এটা ওরকম কিছু না। সবসময় দলের জন্য কন্ট্রিবিউট করতে চাই। আলহামদুলিল্লাহ ভালো
যাচ্ছে। চেষ্টা করব পুরো টুর্নামেন্ট জুড়েই যেন করতে পারি। বেশি রান করার চেয়ে দলের
জন্য কোন রান কাজে লাগছে, জয়ে কাজে লাগছে এটা বেশি জরুরী। ভবিষ্যতে আরও উন্নতি করে
আরও ভালো করার চেষ্টা করব।’