× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরকে হারিয়ে তামিমের সোনা জয়

তারুণ্যের উৎসবে সাগর-বন্যার এশিয়া কাপের প্রস্তুতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৪ পিএম

আজ বৃহস্পতিবার টঙ্গীর আর্চারি মাঠে সকাল থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। ছবি : আ. ই. আলীম

আজ বৃহস্পতিবার টঙ্গীর আর্চারি মাঠে সকাল থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। ছবি : আ. ই. আলীম

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’Ñ স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নীলফামারী আর ফরিদপুরের পর এবার তারুণ্যের উৎসবে যোগ হলো টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্র। আর্চারি প্রতিযোগিতার পাশাপাশি ছিল বর্ণাঢ্য র‍্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল পিঠা উৎসবের উদ্বোধন করেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় আর্চারি প্রতিযোগিতা। ন্যাশনাল ওপেন র‌্যাঙ্কিং টুর্নামেন্টে মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেয়। এর মধ্যে ছেলে ২৭ জন। আর মেয়ে ৩৩ জন। প্রতিযোগিতা হয়েছে ছেলেদের ও মেয়েদের রিকার্ভ‌ এবং কম্পাউন্ডে। আগামী ১৬ থেকে ২৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট (স্টেজ-১)। সেই টুর্নামেন্টের আগে আরচারদের পরখ করার সুযোগ পেল আর্চারি ফেডারেশন। ওই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে যে দুজন অংশ নেবেন তার মধ্যে একজন সাগর ইসলাম। দেশ ছাড়ার আগে মাঠের অনুশীলনের জন্য টুর্নামেন্ট থেকে অবশ্য তিনি সোনার পদক জিততে পারেননি। ছেলেদের রিকার্ভে সোনা জিতেছেন বাংলাদেশ পুলিশের তামিমুল ইসলাম তামিম। 

ফাইনালে তামিম হারিয়েছেন বিকেএসপির সাগরকে। খেলা শেষে সাংবাদিকদের অলিম্পিয়ান সাগর জানিয়েছেন এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে তিনি খুশি। প্রথমবারের মতো এমন একটা টুর্নামেন্টে অংশ নেওয়া এবং এশিয়া কাপে যাওয়ার আগে এটি পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্চারি ফেডারেশনের প্রতি, ‘এই গেমে অংশ নিতে পেরে আমি খুশি। খেলায় হারজিত থাকবেই। যদিও আমি গোল্ড মেডেল প্রতিযোগিতায় হেরেছি, তবে প্রথম গেমে অংশ নিয়ে সিলভার মেডেল পেয়েছি এজন্য খুশি এবং অনেক বেশি উপভোগ করছি।’

থাইল্যান্ডে যাওয়ার আগে এই টুর্নামেন্টটি বেশি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন সাগর, ‘এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। ওই প্রতিযোগিতায় যাওয়ার আগে এরকম একটা কম্পিটিশন পেয়ে গেলাম।’ এশিয়া কাপের মতো একটা বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই টুর্নামেন্ট কী সত্যি অর্থেই যথেষ্ট কি না জানতে চাইলে সাগর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রস্তুতিটা হচ্ছে নিজের মধ্যে, আমি যদি আরও যোগ্যভাবে নিজেকে গড়ে তুলতে পারি এবং নিজের মনকে বলে বেশি অনুশীলন করতে পারি অবশ্যই আমাদের উন্নতি হবে। তারপরও এই ধরনের গেমও আমাদের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করে।’

তারুণ্যের এই উৎসবে কেবল ঢাকাই নয়, যোগ দিয়েছে দেশের বিভিন্ন জেলা। এমন একটা প্রতিযোগিতা থেকে নতুন খেলোয়াড় উঠে আসবে বলেও জানিয়েছেন সাগর। তা ছাড়া অনেকে এটা দেখে আর্চারির প্রতি আগ্রহী হবেন বলেও মত তার, ‘বাংলাদেশে আর্চারি এখন অনেক বেশি পরিচিত। তো প্রতিটি জেলায় জেলায় এমন গেম আয়োজন করছে তাতে সবাই আর্চারির বিষয়ে আরও বেশি আগ্রহ দেখাবে, পরবর্তীতে বিকেএসপিতে যাবে, জাতীয় দলের ক্যাম্পে আসতে চাইবে। তো এটা ভালো উদ্যোগ।’ 

এদিকে সাগরকে হারিয়ে সোনা জেতায় উচ্ছ্বসিত তামিম। সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেল এবং যুব কমনওয়েল গেমসে বাংলাদেশের হয়ে গোল্ড মেডেল জেতা একমাত্র আর্চার তামিম। খেলা শেষে তিনি বলেছেন কেবল ক্রিকেট-ফুটবলেই নয়, আর্চারি এবং অন্যান্য খেলাতেও যেন সমান মনোযোগ দেওয়া হয়। সেইসঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যেন আরও সমৃদ্ধ হয় সেটিও বলেছেন জাতীয় দলের এই আর্চার।

এদিন মেয়েদের হয়ে রিকার্ভ বিভাগে সোনা জিতেছেন বিকেএসপির উম্যাচিং মারমা। সিলভার পেয়েছেন পুলিশের ইতি খাতুন। কম্পাউন্ডে ছেলেদের বিভাগে বিমানবাহিনীর হিমু বাছার ও মেয়েদের বিভাগে একই দলের বন্যা আক্তার সোনা জিতেছেন। আগামী মাসে থাইল্যান্ডে এশিয়া কাপে সাগরের সঙ্গে যাবেন বন্যাও। খেলা শেষে এ নিয়ে সাংবাদিকদের জাতীয় দলের এই আর্চার বলেছেন, ‘আমরা আসলে তিন মাস ধরে কম্পাউন্ড ক্যাম্প করছি। সামনে এক মাসের মতো সময় আছে, আশা করি এই সময়ের মধ্যে আরও বেশি প্রস্তুত হব।’ এশিয়া কাপে আগেও পদক জিতেছে বাংলাদেশ। এবার পদক জেতার জন্য যেতে চান বন্যা, ‘যেহেতু সামনে আমাদের ব্যাংককে একটা টুর্নামেন্ট আছে, সেই দিক থেকে এরকম একটা টুর্নামেন্ট কাজে দেবে।’

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল ও সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ।

তারুণ্যের উৎসবকে ধারণ করে বাংলাদেশ আর্চারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করছে। নীলফামারী, ফরিদপুর ও টঙ্গীর আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রের পর আর্চারি ফেডারেশনের তারুণ্যের উৎসবের বাকি আয়োজনগুলো হবে ২৪ জানুয়ারি নাটোরের খুবজীপুরে, ২৭ জানুয়ারি চুয়াডাঙ্গায়, ২৮ জানুয়ারি নড়াইলে, ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা