প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৩৯ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে রান খরায় ভুগছেন রোহিত শর্মা। মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলতে নেমেও সুবিধা করতে পারেননি। মাত্র ৩ রান করে বাইশগজ ছাড়তে হয়েছে তাকে। একই হাল ভারতের জাতীয় দলের আরও দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের। দু’জনেই ৪ রান করে আউট হয়েছেন।
বৃহস্পতিবার মুম্বাইয়ের শারদ পওয়ার ক্রিকেট অ্যাকাডেমির মাঠে জম্মু-কাশ্মীরের বিপক্ষে খেলতে নামে মুম্বাই। ওপেন করতে নামেন রোহিত ও যশস্বী। সকলের নজর ছিল তাদের দিকে। অথচ দুজনই ব্যর্থতার বৃত্তে বন্দী থাকেন। প্রথমে আউট হন যশস্বী। ৮ বল খেলে ৪ রানের মাথায় আকিব নবির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তরুণ এই ব্যাটার।
রোহিত শুরু থেকে ধরে খেলছিলেন। তাতে অবশ্য বিশেষ সুবিধা হয়নি। ১৯ বল খেলে ৩ রান করে আউট হয়েছেন রোহিত। ইমরান নাজিরের বল ফ্লিক করতে চেয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায়। ঠিক একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলের টেস্টে আউট হয়েছিলেন রোহিত। পুল করতে গিয়েও থমকে গিয়েছিলেন। এই ম্যাচেও সেটা দেখা গেল। লাল বলের বিপক্ষে রোহিতের দুর্বলতা আরও একবার প্রকাশ্যে এল।
একই হাল শুভমানেরও। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটকের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে পাঞ্জাব। ওপেন করেন শুভমান। কিন্তু ৮ বলের বেশি খেলতে পারেননি তিনি। ৪ রান করে অভিলাষ শেট্টির বলে ক্যাচ দিয়ে ফেরেন শুভমান।