প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮ পিএম
নাইজেরিয়ায় ছেলেদের ক্রিকেট যেখানে পিছিয়ে সেখানে নারী ক্রিকেটের কথা ভাবা বোকামি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশটির নারী ক্রিকেট। গত ২০ জানুয়ারি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় দেশটির মেয়েরা। অনূর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ তো বটে যে কোনো সংস্করণের ক্রিকেটের টেস্ট খেলুডে দেশের বিপক্ষে এটাই নাইজেরিয়া নারীদের প্রথম জয়।
নাইজেরিয়ার মেয়েরা আজ পেল আরও বড় সুখবর। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে পৌঁছে গেছে তারা। আসরে ‘সি’ গ্রুপে নাইজেরিয়া। দুই ম্যাচের তাদের জয় একটি। আরেকটি ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সামোয়ারের সঙ্গে। গ্রুপ ‘সি’ থেকে বাকি দুইদল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড সুপার সিক্সে যাচ্ছে।
নাইজেরিয়া কিন্তু এর আগেও ক্রিকেটে একটি বিশ্বকাপে খেলেছিল। সেটিও ছিল বয়সভিত্তিক পর্যায়ে। ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন তারা। মূল পর্বে হেরেছিল ৩ ম্যাচের ৩টিতেই। পরে প্লেট পর্বে স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারিয়েছিল নাইজেরীয় যুবারা।