প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫ ১৪:২৬ পিএম
আলিস আল ইসলামের পেছন ছাড়ছে না বোলিং অ্যাকশন ত্রুটি। বিপিএলে অভিষেকে হ্যাটট্রিকে করে হইচই ফেলে দেওয়া স্পিনারকে ২০১৯ সালে অবৈধ বোলিং অ্যাকশনের দায় দেওয়া হয়। প্রথম বিভাগ ক্রিকেটেও তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন অফিসিয়ালরা। রহস্য স্পিনার খ্যাত বোলারের বোলিং অ্যাকশন নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
বিপিএলে গত গত ১৯ জানুয়ারি চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন আলিস। সেদিন ফরচুন বরিশালের বিপক্ষে বোলিংয়ের পর তার বোলিং অ্যাকশন নিয়ে উঠে প্রশ্ন। অবশ্য পরের ম্যাচে খেলেননি। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলছেন তিনি। চিটাগং কিংসের সূত্র জানিয়েছে, আলিসের বোলিং অ্যাকশন রিপোর্টেড করা হয়েছে।
কোনো বোলারের বোলিং অ্যাকশন রিপোর্টেড করা হলেও তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। বোলিংও করতে পারবেন। তবে পরীক্ষায় পাশ করতে হবে ওই বোলারকে।
সূত্র জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারি মিরপুর শের-ই বাংলায় বোলিং অ্যাকশান পরীক্ষা দিতে হবে আলিসকে। সেখানে উতরাতে পারলে আবারও খেলায় ফিরতে পারবেন এই স্পিনার।