পিএসএলে দল না পেয়ে তাসকিন বললেন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১১:১১ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১১:১৭ এএম
এই সময়ে দেশের সেরা পেসার তিনি। দারুণ বোলিংয়ে বিপিএলের এবারের আসরের সফলতম পেসারও। স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ড্রাফটে তাসকিন আহমেদকে নিয়ে থাকবে আগ্রহ। তবে সবাইকে অবাক করে দিয়ে কোনো দলই নেয়নি তাসকিনকে। তবে দল না পাওয়ায় সবই ভাগ্যের ওপর ছেড়ে দিলেন এ পেসার।
বিপিএলে তাসকিনের দল দুর্বার রাজশাহীর কোচ ইজাজ আহমেদ তাকে লাহোর কালান্দার্সে নেওয়ার প্রস্তাব করেছিলেন। এ ছাড়া পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসও কথা চালিয়েছিলেন তার দল পেশোয়ার জালমির সঙ্গে। তবে দল না পেয়ে ডান হাতি এ পেসারের মনে হতাশা কাজ করছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।
জবাবে তাসকিন বলেন, ‘না, (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।’
তাসকিন মনে করিয়ে দিয়েছেন, ‘এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।’
ড্রাফটে দল না পাওয়ার কারণে যে সুযোগ শেষ হয়ে গেছে, তেমনটা মনে করেন না তাসকিন, ‘আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়।’ তাসকিন না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন।
বিপিএলে ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। সম্প্রতি পেয়েছেন নেতৃত্বের ভারও। তবে তার অধিনায়কত্বে গতকাল চিটাগাং কিংসের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হেরেছে রাজশাহী।