প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৮ পিএম
প্রবাদ আছে, যার অনেক আছে তাকে ভূরি ভূরি দেওয়া হয়। অমন কাজ করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমনিতেই টাকার ছড়াছড়ি। তবে পিসিবির উদ্যোগ অনেকটা অভিনব। আকাশছোঁয়া দামে পিএসএল খেলবেন যে ক্রিকেটাররা, তাদের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিকে সহায়তা করবে বোর্ড। বোর্ড এই অর্থ দেবে পিএসএল থেকে প্রাপ্ত লভ্যাংশ থেকে।
ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটারদের পারিশ্রমিক তাই একা ফ্র্যাঞ্চাইজিদের পরিশোধ করতে হবে না। ওয়ার্নারকে করাচি কিংস কিনেছে ৩ লাখ ডলারে। করাচিকে দিতে হবে ২ লাখ ডলার। বাকি ১ লাখ ডলার পিএসএল গভর্নিং কাউন্সিলই পরিশোধ করবে।
বার্তা সংস্থা আইএএনএস এবং ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান এই তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যম দুটির খবরে বলা হয়েছে, পিএসএলের দশম আসরে অংশ নিতে যাওয়া ছয় বিদেশি খেলোয়াড়ের প্রত্যেককে ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকা) করে দেবে পিসিবি। এই অর্থ বোর্ডের একটি বিশেষ তহবিল থেকে ছাড়া হবে, যেখানে ১০ লাখ ডলার (১২ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকা) জমা আছে।
দামি ক্রিকেটারের পারিশ্রমিক বাবদ এই অর্থ ব্যয় করা হবে। পিসিবির এই সিদ্ধান্ত শুধু ফ্র্যাঞ্চাইজিগুলোকে সহায়তা করাই নয়, পিসিএলে অংশ নেওয়ার জন্য খেলোয়াড়দের জন্য পুরস্কারস্বরূপও।