প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫২ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম
টেবিলের তলানির দুই দলের লড়াইও এত রোমাঞ্চ ছড়াবে কে জানত! চট্টগ্রামে আজ সিলেট স্ট্রাইকার্স ১২ বলে ৪০ রানের সমীকরণ প্রায় মিলিয়েও দিচ্ছিল। কিন্তু পারেনি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কাছে দ্বিতীয় দেখায় ৬ রানে হেরেছে আরিফুল ব্রিগেড।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার দুইশ ছুঁইছুঁই সংগ্রহ এনেছিল ঢাকা ক্যাপিটালস। ১৯৬ রানের জবাবে সিলেট ৭ উইকেট হারিয়ে থামে ১৯০ রানে। টেবিলেও তাতে পরিবর্তন এসেছে। ৪ পয়েন্ট নেওয়া সিলেট আছে তলানিতে, সমান পয়েন্ট নিয়ে ঢাকা সাত দলের মাঝে ছয় নম্বরে।
আসরে প্রথম দেখায় ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট। এবার সেই হারের শোধ নেয় ঢাকা। আগে ব্যাট করে ১৯৭ রানের বড় সংগ্রহ আনে ঢাকা। লিটন দাস ব্যাট হাতে এদিন ক্যামিও খেলেন। ৪৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আগের ম্যাচে দুয়ো শোনা লিটন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন থিসারা পেরেরা। যার ফলে সিলেটের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানে থামে ঢাকা।
জবাবে সিলেটের হয়ে ওপেনিং জুটি বেশিদূর এগোয়নি। ৫ বলে ৩ রান করে জর্জ মুন্সি সাজঘরে ফিরে গেলে ১১ রানেই ভাঙে জুটি। ৩২ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন রনি তালুকদার ও অ্যারন জোন্স। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে সিলেট। ৩৩ বলে অর্ধশতক তুলে নেন রনি। ক্রমেই ভয়ংকর হয়ে ওঠে এই জুটি। অবেশেষে এই জুটিকে থামিয়ে ঢাকাকে ব্রেকথ্রু এনে দেন থিসারা পেরেরা। ১৯তম ওভারে প্রথম তিন বলে তিন চার মেরে আশা জাগিয়েছিল জাকের। কিন্তু পরের বলেই ক্যাচ হন।
এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। ১৩ বলে ২৮ রান করেন জাকের। শেষ ৬ বলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২৩ রান। প্রথম বলেই ছক্কায় মোস্তাফিজকে ওড়ান সাইমুল্লাহ শিনওয়ারি। পরের বলে চার মেরে সিলেটকে জয়ের আশা দেখান। তৃতীয় বলে সিঙ্গেল নিলে চতুর্থ বলে ক্যাচ আউট হন ১৩ বলে ২৯ রান করে আরিফুল। পঞ্চম বলে শিনওয়ারি রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস।