প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ২১:০৭ পিএম
ক্রিকেটে সাধারণত ম্যাচসেরার পুরস্কার সেই খেলোয়াড়ের হাতেই ওঠে, যিনি ম্যাচে সবচেয়ে বেশি অবদান রাখেন। হতে পারে সেটি বোলিং কিংবা ব্যাটিংয়ে। জয়ী দলের কেউ যদি তেমন কিছু করতে না পারেন, তবে পুরস্কার যায় বিপক্ষ দলের সেরা পারফর্মারের কাছে। এতটুকু মানা যায়। কিন্তু একজন নন-পারফর্মারকে ম্যাচের সেরা ঘোষণা করেছে আবুধাবি ইন্টারন্যাশনাল লিগ।
বিরল এই কীর্তি গড়েছেন লুক উড। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে আজম খানের সুপার সাব হিসেবে নেমেছিলেন ডেজার্ট তারকা উড। ব্যাট করার সুযোগ মেলেনি। বল করেছেন দুই ওভার। উইকেট ছিল না, খরচ করেছেন ২১ রান। এমন পারফর্ম করেও সেরা হয়েছেন উড। আসলে উড দারুণ কিছুই করেছিলেন। ম্যাচে দুর্দান্ত তিনটি ক্যাচ নিয়েছেন।
ইংলিশ এই ক্রিকেটার সহায়তা করেছেন আরও একটি ক্যাচে। প্রতিপক্ষ ব্যাটার কাইল মায়ার্সের ছক্কা হতে যাওয়া বল ঠেকিয়ে দিয়েছেন ক্ষীপ্রতার সাথে। তাতেই তার দল পেয়েছে জয়ের মোমেন্টাম, ওই ক্যাচেই সেরার পুরস্কারটাও বগলদাবা করেছেন উড।