× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

গেতাফের মাঠে বার্সার হোঁচট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১৩:০১ পিএম

গেতাফের মাঠে বার্সার হোঁচট

নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের দারুণ পারফরম্যান্সের লা লিগায় ধরে রাখতে পারল না বার্সেলোনা। টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ছন্দ হারিয়ে ফেলল কাতালানরা। তাতে পয়েন্ট হারাল আরেকটি ম্যাচে।

গতকাল শনিবার বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে গেতাফের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি। লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল; যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।

চলতি বছরে কোপা দেল রেতে দুই ম্যাচে ৪-০ ও ৫-১ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। এর মাঝে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ২-০ ও ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে মৌসুমে প্রথম শিরোপার স্বাদ পায় তারা। কিন্ত লিগে ব্যর্থতার খোলসেই বন্দি রইল কাতালান দলটি।

দিনের শুরুতে লেগানেসের বিপক্ষে টেবিলের শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনার। কিন্তু পারল না তারা।

২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রেয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪।


পুরো ম্যাচে প্রায় ৭৮ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। গেতাফের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।


নবম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগে এগিয়ে যায় বার্সেলোনা। পেদ্রির পাসে বক্সে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল বের করে নিয়ে জালে পাঠান ফরাসি ডিফেন্ডার।


আক্রমণে আধিপত্য করা বার্সেলোনা আরেকটি ভালো সুযোগ পায় পঞ্চদশ মিনিটে। এ যাত্রায় আলেহান্দ্রো বাল্দের শট লক্ষ্যে থাকেনি। ৩৩তম মিনিটে লামিনে ইয়ামালের ক্রসে দূরের পোস্টে রাফিনিয়ার হেডে বল পাশের জালে লাগে।

খেলার ধারার বিপরীতে পরের মিনিটেই সমতায় ফেরে গেতাফে। বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া এক হাতে ফেরালেও, কাছেই থাকা আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।

৪১তম মিনিটে অল্পের জন্য দ্বিতীয় গোল পায়নি বার্সেলোনা। বাল্দের ক্রসে দূরের পোস্টে রবের্ত লেভানদোভস্কির হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামালের একটি প্রচেষ্টা প্রতিহত হয় রক্ষণে। একটু পর বক্সের বাইরে কয়েক ডিফেন্ডারকে কাটিয়ে এই তরুণ উইঙ্গারের নেওয়া শট একজনের পায়ে লেগে বাইরে দিয়ে যায়। ৬৯তম মিনিটে তার শট ঠেকান গোলরক্ষক। ৮০তম মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রেংকি ডি ইয়ংয়ের শট ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন তিনি।

দুই মিনিট পর সুযোগ পান রাফিনিয়া। দূরের পোস্টে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।বাকি সময়েও প্রাণপণ চেষ্টা করে যায় বার্সেলোনা, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। ২০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে গেতাফে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা