প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ২০:৫৫ পিএম
ম্যাচের শুরুতেই লিড; এই বুঝি হারানো ধার খুজে পেল বসুন্ধরা কিংস। এমন ভাবনা হয়ত অনেকেই করেছেন। তবে এরপরের গল্পটা কেবলই ফর্টিসকে ঘিরে। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের পর জয়েই চোখ ছিল দলটির। তবে শক্তিশালী কিংসের বিপক্ষে ফেডারেশন কাপের মতো জয়ের গল্প লিখতে না পারলেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ফর্টিস।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ম্যাচে কিংসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফর্টিস। নতুন মৌসুমেই সর্বশেষ দেখায় ফেডারেশন কাপে কিংসকে ২-০ গোলে হারিয়ে চমক উপহার দিয়েছিল মাসুদ পারভেজ কায়সারের দল। এই দুই দলের ম্যাচ দিয়েই শেষ হলো লিগের প্রথম পর্ব। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে দিনের অন্য ম্যাচে ১-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রহমতগঞ্জ।

অথচ কিংসের সামনে সুযোগ ছিল এক লাফে পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে আসার, কিন্তু আশা জাগিয়েও ব্যর্থ হলো ভ্যালেরি তিতের দল। তাতে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের চতুর্থ স্থানে। সমান পয়েন্ট পেয়ে পাঁচে ব্রাদার্স ইউনিয়ন। টেবিলের ছয়ে থাকা ফর্টিসের পয়েন্ট আট।
সেট-পিস থেকে একাদশ মিনিটে এগিয়ে যায় কিংস। মিগেল দামাশেনোর কর্নারে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন তপু। ফর্টিস সমতার ভালো সুযোগ পায় ২৮ মিনিটে। ডান দিয়ে বল নিয়ে বক্সে ডুকে পড়া পিয়াস আহমেদ নোভার শট ইসায়াহ এজের গায়ে লেগে বাতাসে ভেসে চলে যায় গোলমুখে, সেখানে ওমর সার হেড করলেও বল তপুর গায়ে লেগে বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে ফর্টিস চাপ বাড়াতে থাকে কিংসের রক্ষণে। ৬৩ মিনিটে তৃতীয় প্রচেষ্টায় মোহাম্মদ আবদুল্লাহ জালের দেখা পেলে সমতায় ফিরে তারা। প্রথম শট তপু ক্লিয়ার করলে বল ফের চলে যায় আব্দুল্লাহর কাছেই। তার দ্বিতীয় শটও ব্লকড হয় রক্ষণে। তৃতীয় প্রচেষ্টায় নিখুঁত শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ১-১ গোলে সমতায় ফেরার পর দুই দলই চেষ্টা করেছে, তবে জালের দেখা পায়নি কেউ।